Arrest TMC Leader

রাতের অন্ধকারে নথি পোড়ানোর অভিযোগ! বাগানে আগুন জ্বালিয়ে ‘প্রমাণ লোপাটের’ চেষ্টা, গ্রেফতার অশোকনগর পুরপ্রধান প্রবোধ সরকার

তাঁদের অভিযোগ, দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আসেননি প্রবোধ সরকার। এরপর অশোকনগর থানায় খবর দেওয়া হয়।

গ্রেফতার পুরপ্রধান প্রবোধ সরকার।
নিজস্ব সংবাদদাতা, অশোকনগর
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৩:৫৭

রাতের অন্ধকারে বাড়ির বাগানে আগুন জ্বালিয়ে গুরুত্বপূর্ণ পুরসভার নথি পুড়িয়ে ফেলার অভিযোগে গ্রেফতার হলেন উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার। ঘটনাকে কেন্দ্র করে শনিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে পুরপ্রধানের বাড়ির বাগানে আগুন জ্বলতে দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আসেননি প্রবোধ সরকার। এরপর অশোকনগর থানায় খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। অভিযোগ, বাড়ির দরজা না খোলায় পুলিশকর্মীরা পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করেন। পরে বাইরে বেরিয়ে এসে প্রবোধ সরকার দাবি করেন, তিনি বাগানে শুকনো পাতা পোড়াচ্ছিলেন।

তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ, শুকনো পাতা নয়, বরং পুরসভা ও বিভিন্ন সরকারি দফতরের গুরুত্বপূর্ণ নথি এবং পরিচয়পত্র পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরপ্রধানকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় বিজেপি নেত্রী রিঙ্কি শূর বলেন, “চেয়ারম্যানের বাড়ি থেকে পোড়া গন্ধ পাওয়ার খবর পেয়ে আমরা সেখানে যাই। বাড়ির সমস্ত আলো নিভিয়ে ভিতরে ছিলেন তিনি। পাতা পোড়ানোর দাবি করা হলেও বাগান থেকে পুরসভার পোড়া নথি উদ্ধার হয়েছে। আমরা মনে করছি, দুর্নীতির প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল।”

রিঙ্কি আরও অভিযোগ করেন, আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ অতীতেও উঠেছিল পুরপ্রধানের বিরুদ্ধে। সেইসব আর্থিক অনিয়মের প্রমাণ লোপাট করতেই নথি পোড়ানোর চেষ্টা করা হয়েছে বলে তাঁদের দাবি।

যদিও কেন তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রবোধ সরকার। ঘটনার প্রকৃত কারণ এবং পোড়ানো সামগ্রীর উৎস জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share