Terrorist

ইসলামিক জঙ্গি হামিমের বান্ধবী গ্রেফতার, ঝাড়খন্ড থেকে পুলিশের জালে অর্পিতা, ‘হানিট্রাপের’ মাধ‍্যমে প্রভাবশালীদের নিশানা করত

শনিবার বর্ধমান আদালতে হাজির করানো হবে। এসটিএফ সূত্রের খবর, তাকে হেফাজতে নিয়ে জেরা করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। তা ছাড়াও, হামিম এবং অর্পিতাকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে।

হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান
  • শেষ আপডেট: ০১ আগস্ট ২০২৬ ১১:২৭

বর্ধমান থেকে ইসলামিক জঙ্গি হামিম মন্ডলকে গ্রেফতার করেছে রাজ‍্য পুলিশের এসটিএফের এটিএস। এ বার তার বান্ধবীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অর্পিতা সরকার। তাকে ঝাড়খন্ড থেকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমান থানায় অর্পিতাকে আনা হয়েছে। শনিবার ধৃত তরুণীকে আদালতে হাজির করানো হবে।

এসটিএফ সূত্রের খবর, ধৃত জঙ্গি হামিম মন্ডলকে জেরা করেই অর্পিতার নাম সামনে আসে। অর্পিতা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। ধৃতকে জেরা করে অর্পিতার নাম সামনে আসতেই ঝাড়খন্ডে একটি দল অভিযান চালায়। মোবাইলের লোকেশন ট্রাক করে সাহেবগঞ্জ থেকে অর্পিতাকে গ্রেফতার করে বর্ধমানে আনা হয়েছে।

অর্পিতার বিরুদ্ধে অভিযোগ, তরুণীও হামিমের মতোই অ‍্যাসাইনমেন্ট পেত। নিশানায় ছিল আমলা এবং পুলিশের শীর্ষ কর্তা এবং আধিকারিকেরা। পাশাপাশি রাজনৈতিক ভাবে প্রভাবশালীদেরও এই তরুণী নিশানা করত। ‘হানিট্রাপের’ মাধ্যমে ফাঁসিয়ে অপহরণ করার অ‍্যাসাইনমেন্ট পেত। এ ভাবেই যৌনতার ফাঁদে ফেলে সংবেদনশীল সরকারি তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হত। ফলে হামিম জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে যে তথ্য পুলিশকে দিয়েছে তা অর্পিতাকে জেরা করে যাচাই করে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে দুর্গাপুরের রেনেসাঁ আবাসন থেকে হামিম মন্ডলকে গ্রেফতার করেছে রাজ‍্য পুলিশের এসটিএফ। সেখানে একটি জিমের ভিতর থেকে হেফাজতে নেয় এটিএস। তার সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগ মিলেছে। যোগ মিলেছে জয়শ-ই-মহম্মদের। পাশাপাশি শাহজাদ ভাটে গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগ মিলেছে। হামিমের ফোন থেকে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি পাওয়া গিয়েছে। সেই সমস্ত তথ্য বিদেশে বসে থাকা হ‍্যান্ডলারদের কাছে পাঠিয়েছে বলে তদন্তকারীরা মনে করছে।

হামিম মন্ডল আদতে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা। হাওড়ার পিলখানায় কাপড়ের দোকানে বারকোড বসানোর কাজ করত। সেখান থেকে নিউ টাউনেও যাতায়াত ছিল। দেড় মাস আগে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে রেনেসাঁ আবাসনে চলে যায়। পুলিশি সন্দেহ এড়াতে সেখানেই পরিবারকে নিয়ে বসবাস করত।

এ বার হামিমের বান্ধবীকে গ্রেফতার করল পুলিশ। তাকে শনিবার বর্ধমান আদালতে হাজির করানো হবে। এসটিএফ সূত্রের খবর, তাকে হেফাজতে নিয়ে জেরা করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। তা ছাড়াও, হামিম এবং অর্পিতাকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে।


Share