Baruipur Incident

সূর্যপুরে ইন্দ্রজিৎ গণপিটুনি-কাণ্ডে গ্রেফতার আরও এক, লুৎফর শেখ ধরা পড়তেই মোট অভিযুক্তের সংখ্যা বেড়ে নয় জড়িতদের খুঁজতে তদন্তে নতুন গতি

বারুইপুরের সূর্যপুরে ইন্দ্রজিৎ মণ্ডল গণপিটুনি-মৃত্যু মামলায় আরও এক অভিযুক্ত লুৎফর শেখ ওরফে লুটো গ্রেফতার। মোট গ্রেফতার নয়। পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার সঙ্গে অন্যদের যোগ খতিয়ে দেখা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৫:৪৫

বারুইপুরের সূর্যপুরে এক কিশোরীর গণধর্ষণের পর দেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনিতে হত্যার মামলায় আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম লুৎফর শেখ ওরফে লুটো (৪৬)। তিনি সূর্যপুর হাট এলাকার ভাটপোতার বাসিন্দা। এই গ্রেফতারের ফলে মামলায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রজিৎকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে লুৎফর নামে আরও এক ব্যক্তির নাম উঠে আসে। সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সূর্যপুর এলাকায় অভিযান চালিয়ে বারুইপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কি না, তা জানতে লুৎফরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে এই মামলায় ফারুক সর্দার, রাজেশ সর্দার, শরিফুল মল্লিক, সাবিউদ্দিন বৈদ্য, ফরিদ শেখ, আবু সিদ্দিক সর্দার, শামিম আলি খান এবং সাকিম লস্করকে গ্রেফতার করা হয়েছে।

কয়েক দিন আগে সূর্যপুরের একটি পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, তাঁকে গণধর্ষণের পর খুন করা হয়েছিল। ঘটনার পর সন্দেহের বশে স্থানীয় বাসিন্দারা ইন্দ্রজিৎ নামে এক যুবককে গণপিটুনি দেন। অভিযোগ, বেধড়ক মারধরের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে ইন্দ্রজিৎ নির্দোষ বলে উঠে এসেছে। তিনি মৃত যুবকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। সরকারের পক্ষ থেকে পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি মৃতের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরিও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নাম-পরিচয় দেখে খুন করা হয়েছে। ৩৫ বছরের অবিবাহিত যুবককে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। যাঁরা ভোটে প্রত্যাখ্যাত হয়েছেন, এর পিছনে তাঁদের উস্কানি রয়েছে। ভিডিয়োয় যত জনের ছবি দেখা গিয়েছে, সকলকে গ্রেফতার করা হয়েছে।’’ এ বার এই ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, গণপিটুনির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ধারাবাহিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


Share