Illegal Land

শাসক দলের মদতে সরকারি জমি দখলের অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক বিতর্ক

বিষয়টি নিয়ে শাসক দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে। এলাকার কাউন্সিলরের তরফে পৌরসভার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় অভিযোগ করেন, ভোট লুটের উদ্দেশ্যেই তৃণমূল কংগ্রেসের একাংশ এই দখলদারিতে মদত দিচ্ছে।

সরকারি জমিতে বেআইনিভাবে বাড়ি তৈরি।
নিজস্ব সংবাদদাতা, কল্যাণী
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৫

শাসকদলের মদতে সরকারি জমি দখলের অভিযোগ। কল্যাণী থানা ও প্রশাসনিক ভবনের ঢিল ছোড়া দূরত্বে, কল্যাণী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ইএসআই হাসপাতালের সরকারি জমিতে বেআইনি ভাবে ঘর তৈরি হচ্ছে বলে ইতিমধ্যে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। সেখানে ১০ থেকে ১২টি নতুন বাড়ি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

বিষয়টি নিয়ে শাসকদলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে। এলাকার কাউন্সিলরের তরফে পুরসভার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় অভিযোগ করেন, ভোট লুটের উদ্দেশ্যেই তৃণমূল কংগ্রেসের একাংশ এই দখলদারিতে মদত দিচ্ছে। তাঁর দাবি, বিঘার পর বিঘা সরকারি জমি দখল হয়ে গিয়েছে, ফলে দিনের বেলাতেও সাধারণ মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। 

যদিও পুরসভার চেয়ারম্যান নিলিমেশ রায়চৌধুরী জানান, জমির মালিক যদি ইএসআই হয়, তাহলে বিষয়টি তাদেরই দেখা উচিত। তাঁরা অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। 

অন্যদিকে, কল্যাণীর মহকুমা শাসক অভিজিৎ সামন্ত বলেন, এখনও কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


Share