Shoot Out

রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ, আটক দু’জন

অসিতাভ বক্তব্য, ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে মদ-জুয়ার ঠেক চলে। কালীপুজোর আগে পুলিশ জুয়ার ঠেকে অভিযান চালায়। সেই ঠেকের খবর অসিতাভ পুলিশকে খবর দিয়েছেন— এই সন্দেহ করে তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে মনে করছেন অসিতাভবাবু।

রিষড়া পুরসভার আধিকারিকের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, রিষড়া
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৪:৫০

কালীপুজোর রাতে পুরসভার আধিকারিকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ড নবীনপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। পুরসভার আধিকারিক অসিতাভ গঙ্গোপাধ্যায়ের দাবি, তাঁর বাড়িতে দুষ্কৃতী হামলা চালিয়েছে। বাড়িতে ভাঙচুর চালানো হয়েছ বলে দাবি করেন তিনি। এমনকী, কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ করেছে অসিতাভ।

অসিতাভ গঙ্গোপাধ্যায় রিষড়া পুরসভার নোডাল অফিসার। অসিতাভ বক্তব্য, ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে মদ-জুয়ার ঠেক চলে। কালীপুজোর আগে পুলিশ জুয়ার ঠেকে অভিযান চালায়। সেই ঠেকের খবর অসিতাভ পুলিশকে খবর দিয়েছেন— এই সন্দেহ করে তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে মনে করছেন অসিতাভবাবু।

অসিতাভ জানান, রবিবার গভীর রাতে তাঁর বাড়ির সামনে দুষ্কৃতী জড়ো হয়। তখন তিনি বাড়ির ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করেন। সেই সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। এমনকী, তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ওই যুবকেরা এলাকায় সাট্টার ঠেক চালায় বলে তিনি দাবি করেছেন। 

সোমবার সকালে রিষড়া থানার খবর দেন ওই পুরসভার আধিকারিক। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সোমবার তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ পদ্মপুকুর পাড়ের বাবাই আইচ এবং সুভাষনগরের সঞ্জীব শিকদার নামে দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পূর্বে কোনও অপরাধমূলক কাজের যোগ রয়েছে কি না তা নিয়ে পুলিশ স্পষ্ট করেনি। ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 

ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পুরসভার আধিকারিক অসিতাভ। নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সাম্প্রতি রিষড়া পুরসভা খাদ্যসুরক্ষা থেকে শুরু করে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে অভিযান চালিয়েছে। পাশাপাশি ভেজাল তেলের কারবার রুখতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছিল। তার জেরে এই ঘটনা হতে পরে বলে সন্দেহ তাঁর। পাশাপাশি সেই কাজ থামবে না বলে জানিয়েছেন পুরসভার নোডাল অফিসার অসিতাভ। 


Share