Murder Case

মদ্যপানের আসরে বচসা, হাতুড়ির আঘাতে বন্ধুকে খুনের অভিযোগ পানিহাটিতে, পুলিশের কাছে আত্মসমর্পণ অভিযুক্তের

অভিযোগ, হাতুড়ি দিয়ে বন্ধুর মাথায় আঘাত করে তাঁকে খুন করেন এক যুবক। পানিহাটির সুখচর এলাকায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় বাবু ঘোষ নামে ওই যুবকের নগ্ন ও রক্তাক্ত দেহ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পানিহাটি
  • শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩২

মদ্যপানের আসরে দুই বন্ধুর মধ্যে বচসা বাঁধে। সেই বচসা থেকেই হাতাহাতি। আর তা থেকে শেষ পর্যন্ত হাতুড়ির আঘাতে বন্ধুকে খুনের অভিযোগ। নিজের বাড়ি থেকেই উদ্ধার হল এক যুবকের নগ্ন ও রক্তাক্ত দেহ। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সুখচর ডক্টর গোপাল চ্যাটার্জি রোড এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত যুবকের নাম বাবু ঘোষ। পেশায় তিনি রঙের মিস্ত্রি। পরিবার সূত্রে জানা গিয়েছে, আশিস বন্দ্যোপাধ্যায় নামে এক বন্ধুর সঙ্গে প্রায়ই নিজের বাড়িতে বাবু মদ্যপান করতেন। সোমবার রাতেও দু’জনে বাড়িতে বসে মদ্যপান করছিলেন। এরপরই তাঁদের মধ্যে বচসা শুরু হয়।

স্থানীয়দের দাবি, মদ্যপানকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে প্রায়ই ঝামেলা হত। তাঁদের চিৎকার-চেঁচামেচিও মাঝেমধ্যে প্রতিবেশীদের কানে আসত। সোমবার রাতেও একই ভাবে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। তবে এ বার পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত গড়ায়। অভিযোগ, সেই সময় বাবুকে উলঙ্গ করে আশিস মারধর করেন। পরে হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। ঘরের ভিতর থেকে চিৎকার-চেঁচামেচি শুনে আত্মীয় ও প্রতিবেশীরা সেখানে পৌঁছোন। কিন্তু ততক্ষণে বাবুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

ঘটনার পর আশিস নিজেই থানায় চলে যান। পুলিশকে সংক্ষেপে ঘটনার কথা জানিয়ে তিনি আত্মসমর্পণ করতে এসেছেন বলে জানান। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাবুর বাড়িতে যান। সেখান থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইতিমধ্যেই পুলিশ আশিসকে আটক করেছে। কী কারণে দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঠিক কী ঘটেছিল এবং কেন বন্ধুকে খুন করার অভিযোগ উঠল আশিসের বিরুদ্ধে, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে খড়দহ থানার পুলিশ।


Share