Girl Beaten

চাঁপাডাঙ্গায় দেহ ব্যবসার প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ! আক্রান্ত নাবালিকার পরিবার

এক নাবালিকার মা-সহ পরিবারের একাধিক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। আহতদের হাসপাতালে চিকিৎসার পর তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

মারধর করা হয় বলে অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর
  • শেষ আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ০৭:০১

তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় ফের দেহ ব্যবসা চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এই কর্মকান্ডের প্রতিবাদ করায় এক নাবালিকার মা-সহ পরিবারের একাধিক সদস্যকে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনায় আহতদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়।

স্থানীয় সূত্রে অভিযোগ, আগে এই এলাকায় দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলত। পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। সম্প্রতি ফের ওই এলাকায় এই কারবার শুরু হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে এলাকার এক নাবালিকা ব্লক উন্নয়ন আধিকারিকদের দফতরে লিখিত অভিযোগ জানায়।

ওই অভিযোগের জেরেই এলাকার কয়েক জন মাতব্বর ক্ষুব্ধ হন। যাঁদের বিরুদ্ধে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাঁরা মঙ্গলবার দুপুরে নাবালিকার মা ও তাঁর পরিবারের সদস্যদের উপর চড়াও হন। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় পরিবারের বেশ কয়েক জন আহত হয়েছেন।

হাসপাতালে চিকিৎসার পর নাবালিকা ও তাঁর পরিবারের পক্ষ থেকে তারকেশ্বর থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, ‘‘চাঁপাডাঙ্গা এলাকায় দেহ ব্যবসা চলার অভিযোগ প্রশাসনকে জানানো হয়েছিল। তারপরও তা চলছিল। প্রতিবাদ করায় যাঁদের মারধর করা হয়েছে, তাঁদের পাশে আমরা আছি। বিজেপি সরকার এই ধরনের অপরাধ বরদাস্ত করবে না।’’

তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে কারা যুক্ত, তা তদন্ত করে দেখছে পুলিশ।


Share