Woman Beaten

পাইপলাইন বসানো নিয়ে বিবাদ, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ প্রতিবেশী বিরুদ্ধে! গ্রেফতার তিন জন

বচসা থামাতে গিয়ে প্রতিবেশীর লাথিতে গর্ভপাতের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।মহিলার স্বামী রমত মল্লিকের অভিযোগ, প্রায় ১০ বছর পর তাঁদের পরিবারে সন্তান আসার কথা ছিল। তাঁর স্ত্রী তখন দু’মাসের অন্তঃসত্ত্বা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, সাঁকরাইল
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১২:৪০

বাড়ির সামনে জলের পাইপলাইন বসানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ। আর সেই বিবাদ মেটাতে গিয়েই বিপাকে পড়লেন দুই মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। অভিযোগ, বচসার মাঝে ওই মহিলার পেটে লাথি মারেন এক যুবক। এরপরই শুরু হয় রক্তপাত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে গর্ভপাতের কথা জানানো হয় বলে দাবি পরিবারের। সাঁকরাইলের মাঝেরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

পরিবারের দাবি, বাড়ির সামনে জলের পাইপলাইন বসানো নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে অশান্তি চলছিল। বুধবার রাতে সেই একই বিষয়কে কেন্দ্র করে ফের দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে এগিয়ে যান ওই অন্তঃসত্ত্বা মহিলা। অভিযোগ, সেই সময়ই প্রতিবেশী ফারহান মোল্লা তাঁর পেটে লাথি মারেন। আঘাত পেয়ে ওই মহিলা মাটিতে পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় রক্তপাত।

মহিলার স্বামী রমত মল্লিকের অভিযোগ, প্রায় ১০ বছর পর তাঁদের পরিবারে সন্তান আসার কথা ছিল। তাঁর স্ত্রী তখন দু’মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার পর তাঁকে তড়িঘড়ি হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, সেখানে চিকিৎসকেরা জানান, গর্ভপাত হয়েছে।

এই ঘটনায় সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহিলার পরিবার। অভিযোগের ভিত্তিতে ফারহান মোল্লা, আজগর মোল্লা ও সুরজ মোল্লাকে সাঁকরাইল থানার পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


Share