Shoot Out

বন্ধুর বাবার বন্দুক নাড়াচাড়া করতে গিয়েই গুলিবিদ্ধ অক্ষয়! খড়্গপুরের গুলিকাণ্ডে ‘গ্যাং ওয়ার’-এর তথ‍্য উড়িয়ে নতুন দাবি পুলিশ সুপারের

বন্ধুর বাড়িতে নাইন এমএম পিস্তল নিয়ে নাড়াচাড়া করার সময় অসাবধানতাবশত গুলি ছুটে অক্ষয় গুলিবিদ্ধ হয় বলে দাবি পুলিশের। ঘটনায় অক্ষয়ের বন্ধু সাগর কুমার-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ০৪:০৭

খড়্গপুরে স্কুলছাত্রকে গুলি করার ঘটনায় নয়া তথ্য সামনে এল। পরিকল্পিত শ্যুট আউট নয়। কোন শত্রুতার প্রতিশোধও নয়। বন্ধুক নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ অক্ষয়! পুলিশ জানিয়েছে, এটি কোনও গ্যাং ওয়ারের ঘটনা নয়। বন্ধুর বাড়িতে বন্দুক নিয়ে নাড়াচাড়া করার সময় অসাবধানতাবশত গুলি ছুটেই গুলিবিদ্ধ হয় দ্বাদশ শ্রেণির ছাত্র অক্ষয় ঝা।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ঘটনার বিস্তারিত জানান পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি জানান, ঘটনায় অক্ষয়ের বন্ধু সাগর কুমার-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত অন্য দু’জন হলেন কোলা যোগেশ্বর রাও এবং বিশাল জানা। তিন জনেরই বাড়ি খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকায়। তাঁদের বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে। খড়্গপুর টাউন থানার পুলিশ তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে। ঘটনায় আরও এক জনের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্ষয়ের সঙ্গে সাগরের বন্ধুত্ব ছিল। পাশের বাড়ির ছেলে সাগরের সঙ্গে মাঝেমধ্যেই ঘোরাঘুরি করত অক্ষয়। দু’জনের বাড়িতেই তার যাতায়াত ছিল। বুধবার সকালেও সে সাগরের বাড়িতে যায়। সেখানে সাগরের বাবা ভেঙ্কট রাওয়ের নাইন এমএম পিস্তল নিয়ে সে নাড়াচাড়া করছিল। প্রথমে সাগরের হাতে থাকা বন্দুকটি নিয়ে অক্ষয় নিজেই সেটি দেখতে থাকে। সেই সময় অসাবধানতাবশত গুলি ছুটে যায়।

পুলিশের দাবি, প্রথমে একটি ফল্‌স ফায়ার হয়। পরে ছোড়া একটি গুলি অক্ষয়ের বুকের বাঁ দিকে লাগে। ঘটনায় সাগরের বাড়ি থেকে রক্তমাখা জামা এবং রক্তের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল এবং তিন রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে।

অক্ষয় গুলিবিদ্ধ হওয়ার পর সাগর আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ সুপারের দাবি, এরপর সাগর তার কয়েক জন বন্ধুকে ফোন করে ডেকে নেয়। তাঁরাই অক্ষয়কে হাসপাতালে নিয়ে যান। পরে ঘটনাকে অন্য রূপ দিতে হামলার গল্প তৈরি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

অক্ষয়ের শারীরিক অবস্থা নিয়ে পুলিশ সুপার জানিয়েছেন, বুধবার রাতেই তার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে কলকাতার একটি হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে।

পাপিয়া সুলতানা বলেন, ‘‘এটি কোনও গ্যাং ওয়ার নয়। খড়্গপুর শহরে আর সেই দিন ফিরে আসবে না। কোনও ভাবে সাধারণ মানুষের পথচলায় বিঘ্ন ঘটতে দেব না। সমস্ত দুষ্কৃতীর ঠিকানায় তল্লাশি চালিয়ে অস্ত্র বাজেয়াপ্ত করা হবে।’’

অন্য দিকে, রাজ্যের মন্ত্রী তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ বলেন, ‘‘খড়্গপুরে একটা সময় মাফিয়ারাজ ছিল। এখনও অনেক আগ্নেয়াস্ত্র আছে। পুলিশ চেষ্টা করছে সেগুলোকে বার করার। যে ঘটনা হয়েছে, সেটা নিজেদের মধ্যে। আকস্মিক ভাবেই গুলি চলেছে। সব কিছু ঠিক করার জন্য পুলিশ কাজ করছে।’’


Share