Howrha Municipal Corporation

দীর্ঘ আট বছর পরে নভেম্বরেই হতে চলেছে হাওড়া পুরভোট, ৫০ থেকে বাড়িয়ে ৬৮ ওয়ার্ড করার প্রস্তাব রাজ্যের

আট বছর পর হাওড়া পুরসভায় পুরভোটের সম্ভাবনা তৈরি হয়েছে। নভেম্বরের শেষে ভোট এবং ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড গঠনের কথা জানালেন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রায়। একইসঙ্গে ৫০ থেকে বাড়িয়ে ৬৮টি ওয়ার্ড করার প্রস্তাবও আনা হচ্ছে।

হাওড়া পুরসভা।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৭ আগস্ট ২০২৬ ০১:৪০

দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে হাওড়া পুরসভায়। আগামী নভেম্বর মাসের শেষে হাওড়ায় পুরভোট হতে পারে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রায়। তাঁর ঘোষণা অনুযায়ী, ডিসেম্বরেই গঠন হতে পারে নতুন পুরবোর্ড।

বর্তমানে হাওড়া পুরসভায় মোট ৫০টি ওয়ার্ড রয়েছে। সেই সংখ্যা বাড়িয়ে ৬৮ করার প্রস্তাব আনা হচ্ছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে বিধানসভায় সংশোধনী বিল পেশ করে তা পাশ করানোর উদ্যোগ নেওয়া হবে।

হাওড়া পুরসভায় শেষবার নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ২০১৮ সালে পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। এরপর পুরসভা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করে কাজ চালানো হয়। বিভিন্ন সময়ে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় এবং সুজয় চক্রবর্তী প্রশাসকের দায়িত্ব সামলেছেন। তবে পুর পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে বাসিন্দাদের একাংশের।

হাওড়া পুরসভা নিয়ে জটিলতার অন্যতম অধ্যায় বালি পুরসভাকে ঘিরে। ২০১৫ সালে বালি পুরসভা বিলুপ্ত করে হাওড়া পুরসভার সঙ্গে যুক্ত করা হয়। সেই সময় ১৬টি ওয়ার্ড তৈরি করে উপনির্বাচন হয়। সবক’টি আসনেই তৃণমূল জয় পায়। পরে আবার বালিকে হাওড়া থেকে পৃথক করে পুরসভার মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়। সেই সিদ্ধান্ত কার্যকর করতেও বিধানসভায় বিল পাশ হয়।

তবে বালি পৃথক হওয়ার পর হাওড়া পুরসভার প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় হাওড়া পুরসভার আর্থিক বরাদ্দ ও খরচ সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন বলে জানা যায়। সম্প্রতি সেই জটিলতাও মিটেছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

এরপরই পুরভোটের সময়সীমা নিয়ে বড় ঘোষণা করলেন প্রতিমন্ত্রী। উমেশ রায়ের বক্তব্য অনুযায়ী, নভেম্বরের শেষেই হাওড়ায় ভোট এবং ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড গঠনের লক্ষ্য নেওয়া হয়েছে। ফলে দীর্ঘ আট বছর পর হাওড়া পুরসভায় নির্বাচিত বোর্ড ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।


Share