Road Accident

পথকুকুরের ধাওয়ায় দুর্ঘটনা কালনায়, স্ত্রীকে আনতে গিয়ে প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের

বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মেরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর শহরে পথকুকুরের উপদ্রব রুখতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, কালনা
  • শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২২

পূর্ব বর্ধমানের কালনায় পথদুর্ঘটনায় প্রাণ হারালেন কালনা থানার এক সিভিক ভলান্টিয়ার। মৃতের নাম সুরজিৎ সাহা (৩৪)। তিনি কালনা শহরের যোগীপাড়া এলাকার বাসিন্দা। এরই সঙ্গে পথকুকুরের বাড়বাড়ন্ত নিয়ে স্থানীয়েরা ক্ষোভে সরব হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরজিৎ রবিবার রাতে ডিউটিতে ছিলেন। রাত প্রায় ১০টা নাগাদ তিনি মোটরবাইকে করে স্ত্রীকে আনতে বের হন। তাঁর স্ত্রী এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন। জানা গিয়েছে, আমলাপুকুর এলাকার কলেজ হস্টেলের কাছে পৌঁছোনোর পর আচমকাই কয়েকটি কুকুর তাঁর বাইকের পিছনে ধাওয়া করে।

অপ্রত্যাশিত পরিস্থিতিতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারার পর সুরজিৎ ছিটকে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অকালপ্রয়াত সুরজিৎ সাহার পরিবারে রয়েছেন স্ত্রী ও আড়াই বছরের এক শিশু সন্তান। আকস্মিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার। প্রতিবেশীরাও গভীর শোকপ্রকাশ করেছেন। এ ঘটনার পর কালনা শহরে পথকুকুরের উৎপাত নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক— সর্বত্রই সন্ধ্যার পর কুকুরের উপদ্রব বেড়ে যায়। প্রায়শই পথচারীদের ধাওয়া করা, বাইক আরোহীদের পিছু নেওয়া কিংবা কামড়ানোর মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ।

বাসিন্দাদের একাংশের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। কালনার মহকুমাশাসক অহিংসা জৈন জানিয়েছেন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং পুরসভার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। 

ঘটনার পরে কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েলও জানান, প্রাণী সম্পদ দফতরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সক্রিয় করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে।


Share