Anti Corruption Branch

পুজোর আগে ঠিকাদারদের কাছ থেকে ২০ হাজার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার জেলা পারিষদের সাব-অ‍্যাসিস্ট‍্যান্ট ইঞ্জিনিয়ার, রয়েছে প্রভাবশালী যোগ, খবর সূত্রের

পুজোর আগে ঘুষ নিতে গিয়ে হুগলিতে হাতেনাতে গ্রেফতার সরকারি আধিকারিক। ঠিকাদারের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে WBSRDA-র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাসকে চুঁচুড়ায় ফাঁদ পেতে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা (ACB)।

ধৃতের নাম সুমন দাস
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ০৪:০২

পুজোর আগে ঠিকাদারদের কাছ থেকে ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি আধিকারিক। ধৃতের নাম সুমন দাস। তিনি হুগলি জেলা পারিষদের WBSRDA-র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। অভিযোগ, এক সরকারি ঠিকাদারের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। মঙ্গলবার সকালে ওই ঠিকাদারের সঙ্গে নিয়ে দুর্নীতি দমন শাখা, এসিবি ফাঁদ পেতে সুমনকে গ্রেফতার করেছে।

সূত্রের খবর, মুক্তরাম ঘোষ নামে হুগলির পোলবার এক ঠিকাদার পঞ্চায়েতের রাস্তা নির্মাণের কাজের প্রায় ১ কোটি টাকার বরাত পেয়েছিলেন। ২০২৫ সালের শেষের দিকে সেই কাজ সম্পূর্ণ হয়। এরপর টেন্ডারের সময় জমা দেওয়া ‘আর্নেস্ট মানি’ ফেরতের জন্য জেলা পারিষদের সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছিলেন মুক্তরাম ঘোষ নামে ওই ঠিকাদার। ২ লক্ষ ৬ হাজার টাকা তিনি পেতেন।

অভিযোগ, সেই টাকা পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন WBSRDA-র সাব-অ‍্যাসিস্ট‍্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাস। তার বিনিময়ে ঘুষ চাওয়া হয়। বিষয়টি নিয়ে তিনি দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন। তাঁকে সামনে রেখেই ফাঁদ পাতা হয়। এ দিন সকালে চুঁচুড়ার জেলা পরিষদের দফতরে টাকা নিয়ে সুমন দাসকে দিতে যান। টাকায় কেমিক্যাল মাখানো ছিল। হাতেনাতে সুমনকে ধরে ফেলে এসিবি।

এর পরে জলে হাত দিতে গোলাপি হলে ঘুষ নেওয়া প্রতিষ্ঠিত হতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করছে দুর্নীতি দমন শাখা বা এসিবি। তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় সুমন কিছু বলতে চাননি। পুজোর আগে ঘুষ নেওয়া হচ্ছে না কি আগেও নেওয়া হয়েছে তা নিয়েও তিনি কিছু বলতে চাননি সুমন দাস। মুখে মাস্ক পড়িয়ে তাঁকে পুলিশ গাড়ি করে নিয়ে চলে যায়।

হুগলি জেলা পারিষদ সূত্রের খবর, এই চক্রের পিছনে প্রভাবশালী যোগ রয়েছে। তৃণমূল জমানার কিছু প্রভাবশালী এখানে এর নেপথ্যে রয়েছে বলে পুলিশ মনে করছে। তবে বিজেপি ক্ষমতায় আসার পরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। কিন্তু তা সত্ত্বেও বিজেপি জমানায় ঘুষ নেওয়ার অভিযোগে পরপর সরকারি আধিকারিক গ্রেফতার হল।


Share