Drug Seized

পচা সবজির আড়ালে ৬৩৫ কেজি গাঁজা! বারুইপুরে পুলিশের জালে তিন, বাজেয়াপ্ত ৭০ লক্ষের মাদক

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬৩৫ কেজি গাঁজা উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ ও বারুইপুর এসওজি। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১২:৫৬

মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের কড়া নজরদারির মধ্যেই দক্ষিণ ২৪ পরগনায় বড়সড় সাফল্য। ওড়িশা থেকে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উদ্দেশে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬৩৫ কেজি গাঁজা উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ ও বারুইপুর এসওজি। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে ছয়ানি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হানা দেয় বারুইপুর থানার পুলিশ ও এসওজি। সেখানে সন্দেহজনক একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পুলিশের চোখে ধুলো দিতে গাড়ির ভিতরে রাখা হয়েছিল বিপুল পরিমাণ পচা সবজি। কিন্তু সেই সবজির নীচেই লুকিয়ে রাখা ছিল গাঁজার প্যাকেট। তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ৬৩৫ কেজি গাঁজা উদ্ধার করেন তদন্তকারীরা।

পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করার পাশাপাশি গাড়িতে থাকা তিন জনকেও গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গাঁজার ওই বিশাল চালানটি ওড়িশা থেকে আনা হচ্ছিল এবং তা পৌঁছে দেওয়ার কথা ছিল বাসন্তীতে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের মূল মাথাদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।


Share