Cyber Crime

নিউটাউনের গেস্ট হাউসে পুলিশের অভিযান, উদ্ধার দু’কোটি ২০ লক্ষ টাকা নগদ, গ্রেফতার সাত জন

সাইবার প্রতারণার টাকার সূত্রে তদন্তে নেমে এই সাফল্য মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। ঘটনায় সাত জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউটাউনের গেস্ট হাউস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, নিউটাউন
  • শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ০৩:৪৬

নিউটাউনের একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে বিধাননগর পুলিশের সাইবার বিভাগের গোয়েন্দারা। সোমবার গভীর রাতে ওই অভিযানে প্রায় দু’কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় সাত জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণার মাধ‍্যমে অর্জন করা অর্থ সেখানে মজুত করে রাখা হয়েছিল। এমন অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সেই সূত্র ধরেই সোমবার রাতে বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখা এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা গেস্ট হাউসটিতে পৌঁছে তল্লাশি অভিযান চালান। সারারাত ধরে চলে তল্লাশি।

অভিযান চলাকালীন উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকার উৎস কী, কী কারণে তা গেস্ট হাউসে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কোনও হাওয়ালার মাধ্যমে আর্থ পাচার চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশ থাকার সম্ভাবনাও তাঁরা উড়িয়ে দিচ্ছেন না। 

এই ঘটনায় গেস্ট হাউস থেকে সাত জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে টাকার উৎস এবং সম্ভাব্য লেনদেন সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনে আরও পদক্ষেপ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share