Mob Lynching

মালদহে চোর সন্দেহে ইলেকট্রিক পোস্টে বেঁধে যুবককে বেধড়ক মারধর, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু, খুনের মামলা রুজু করে তদন্তে পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এনামুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছোয়। কিন্তু ওই ব‍্যাক্তিকে কর্তব‍্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

চাঁচল থানা।
নিজস্ব সংবাদদাতা, চাঁচল
  • শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১০:০০

আবার রাজ্যে চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ সামনে এসেছে। ওই ব‍্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মালদহের চাঁচলে ঘটনাটি ঘটেছে।

মৃতের নাম এনামুল হক (৫৫)। মালদহের চাঁচল থানা এলাকার জালালপুরে ঘটনাটি ঘটেছে। মৃতের পরিবার সূত্রের খবর, তিনি গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফিরলে কেউ একজন পরিবারের কাউকে ফোন করে জানান, এনামুলকে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারা হচ্ছে। লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলেও পরিবার দাবি করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এনামুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছোয়। কিন্তু ওই ব‍্যাক্তিকে কর্তব‍্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের তরফে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর রুজু করেছে। ঘটনায় নুরুল ইসলাম এবং নাসিম আখতার নামে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। চোর সন্দেহ মারধর নাকি এর নেপথ্যে ব‍্যক্তিগত শত্রুতা তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।


Share