Rape Case

মালদহে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপ, পলাতক অভিযুক্ত

অভিযোগ, ধর্ষণের চেষ্টায় বাধা দিয়ে চিৎকার করায় ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মোথাবাড়ি থানা এলাকার একটি গ্রামে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৩

স্বামী ভিনরাজ্যে কর্মরত। বাড়িতে একা থাকা স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, ধর্ষণের চেষ্টায় বাধা দিয়ে চিৎকার করায় ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মোথাবাড়ি থানা এলাকার একটি গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোরে বাড়িতে ধান সেদ্ধ করছিলেন ওই মহিলা। সেই সময় বাড়ির বাইরে জল ফেলতে গেলে স্থানীয় এক ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ওই মহিলা চিৎকার করে শ্বশুরবাড়ির লোকজনকে ডাকতে শুরু করলে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা ও পিঠে কোপ মারে বলে অভিযোগ।

মহিলার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসতেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে তড়িঘড়ি মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, তাঁর গলায় ১২টি এবং পিঠে ন'টি—মোট ২১টি সেলাই পড়েছে।

নির্যাতিতার দিদির দাবি, ‘‘ভোরে বোন ধান সেদ্ধ করছিল। বাড়ির পিছনে জল ফেলতে যেতেই স্থানীয় এক ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করে। বোন চিৎকার করে শ্বশুরবাড়ির লোকজনকে ডাকলে ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে গলা ও ঘাড়ে কোপ মারে। বোনের গলায় ১২টা এবং পিঠে ন'টা সেলাই পড়েছে।’’

ঘটনার পর মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


Share