Suvendu Adhikari

প্রথম দিনেই ‘ছক্কা’, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কর্মচারী ইউনিয়নের নেতা প্রতাপ নায়েককে দার্জিলিংয়ে বদলি করল রাজ্য সরকার

সরকারি কর্মচারী ইউনিয়নের নেতা প্রতাপ নায়েককে দার্জিলিঙের বিজনবাড়ির ফুলবাজার ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরে বদলি করা হয়েছে। তবে তাঁর যে বেতন স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর থেকে দেওয়া হবে।

প্রতাপ নায়েক বদলি হলেন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১২:৪৭

শনিবার সকালে শপথগ্রহণ করেছেন রাজ‍্যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কয়েক ঘণ্টার মধ্যেই চমক দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সরকারি কর্মচারী ইউনিয়নের নেতা প্রতাপ নায়েকের বদলিতে সিলমোহর দিল রাজ্য সরকার। তাঁকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে। এত দিন ধরে তিনি স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরে ক্লার্ক পদে কর্মরত ছিলেন।

শনিবার বিকেলে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি কর্মচারী ইউনিয়নের নেতা প্রতাপ নায়েককে দার্জিলিঙের বিজনবাড়ির ফুলবাজার ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরে বদলি করা হয়েছে। তবে তাঁর যে বেতন স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর থেকে দেওয়া হবে। তিনি নবান্নে ওই দফতরে ক্লার্ক ছিলেন। প্রতাপ নায়েক যাতে দ্রুত নতুন জায়গায় কাজে যোগ দেয় তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব এবং ডেপুটি সচিবকে নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রশাসনিক মহলের খবর, প্রতাপ নায়েক তৃণমূল কর্মচারী ইউনিয়নের অন্যতম সক্রিয় সদস্য। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই প্রতাপ নায়েক। তাই প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে প্রশাসনিক কাজে অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ ছিল দীর্ঘদিনের। টাকার বিনিময়ে বদলি করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রশিদ ছাড়াই সংগঠনের নামে যথেচ্ছ টাকা তোলার অভিযোগ রয়েছে। এমনকী, সরকারি স্টিকার লাগানো গাড়িতেও ঘুরে বেড়াত বলে অভিযোগ উঠেছে।

মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, এই সরকার কথা কম, কাজ বেশি করবে। যদিও, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী প্রশাসনের মধ‍্যে এই প্রতাপ নায়েকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, কালীঘাটের আশির্বাদ রয়েছে বলে তিনি এত প্রভাবশালী।


Share