Holding Centre

অনুপ্রবেশ রুখতে কড়া রাজ্য সরকার, ফেরত পাঠানোর আশায় সীমান্ত চেকপয়েন্টে ভিড় অবৈধ বাংলাদেশিদের

সরকার গঠনের মাত্র দু’সপ্তাহের মধ্যেই জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের লালগোলা এবং মালদহে চালু হয়েছে সেই হোল্ডিং সেন্টার।

হোল্ডিং সেন্টার
নিজস্ব সংবাদদাতা, লালাগোলা
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০২:৩২

অনুপ্রবেশের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে রাজ্য সরকার। সরকার গঠনের মাত্র দু’সপ্তাহের মধ্যেই জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের লালগোলা এবং মালদহে চালু হয়েছে সেই হোল্ডিং সেন্টার। এই আবহে দেশে ফেরার আশায় সীমান্তে ভিড় জমাতে দেখা গেল শতাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসীকে।

মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপয়েন্টে জড়ো হন বহু বাংলাদেশি। প্রশাসন সূত্রে খবর, এঁদের অধিকাংশই দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাস করছিলেন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে এবং পরে বিএসএফের মাধ্যমে তাঁদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। সেই নির্দেশের পর থেকেই সীমান্ত এলাকায় চাপ বাড়তে শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, অবৈধভাবে বসবাসের অভিযোগে ধৃত বাংলাদেশি বা রোহিঙ্গাদের হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাঁদের ফেরত পাঠানো হবে। প্রশাসনের এই কড়াকড়ির মধ্যেই বহু বাংলাদেশি দেশে ফেরার উদ্দেশ্যে সীমান্ত চেকপয়েন্টগুলিতে ভিড় জমাচ্ছেন।


Share