Prakash Chik Baraik

রাজ‍্যসভার পদ থেকে ইস্তফা প্রকাশচিকের, ছাড়লেন দলও, সংসদে ভাঙন অব‍্যাহত তৃণমূলের

গত সপ্তাহ পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের মোট ১৩ জন সাংসদ ছিলেন। সোমবার থেকে একের পর এক ইস্তফায় এ বার সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হল ১০।

তৃণমূল সাংসদ প্রকাশচিক বরাইক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১২:৩৪

ভোটে ভরাডুবির পরে সংসদে তৃণমূলের ভাঙন অব্যাহত। এ বার রাজ‍্যসভার পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ প্রকাশচিক বরাইক। দলও ছেড়ে দিলেন। এই নিয়ে তিন জন রাজ‍্যসভার তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁরাও দলের সদস্যপদ ছেড়ে দিয়েছেন। ইস্তফা দেওয়ার পরে প্রকাশচিক বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করব।” 

গত সোমবার থেকে রাজ‍্যসভায় তৃণমূলের ভাঙন শুরু হয়েছে। ওই দিন সুখেন্দুশেখর রায় ইস্তফা দেন। বুধবার সুস্মিতা দেব রাজ‍্যসভা থেকে ইস্তফা দেন। সুখেন্দুশেখর-সুস্মিতার দেখানো পথে এ বার হাঁটলেন প্রকাশচিক বরাইক। প্রকাশচিকের পদত্যাগের পরে রাজ‍্যসভায় তৃণমূলের সংখ‍্যা কমে দাঁড়াল ১০ জনে। পাশাপাশি তৃণমূল থেকেও পদত্যাগ করেছেন।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত প্রকাশচিক বরাইক। ২০২৩ সালে তাঁকে রাজ‍্যসভায় পাঠায় তৃণমূল। ২০২৪ সালে আলিপুরদুয়ারের প্রার্থী হয়েছিলেন। কিন্তু হেরে গিয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে প্রকাশচিক বরাইক টিকিটের দাবি করেছিলেন। কিন্তু দল তাঁর কথায় কর্ণপাত করেনি। তিনি তপশিলি মুখ হিসেবেই তৃণমূলে পরিচিত ছিলেন।

ইস্তাফা দেওয়ার পরে প্রকাশচিক জানান, সদ‍্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে মানুষ যে রায় দিয়েছে তা তিনি মেনে নিয়েছেন। সেই রায়কে সম্মান জানিয়ে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ‍্যসভার পদ থেকে ইস্তফা দেওয়ার পরে তিনি দলত‍্যাগ করার কথাও ঘোষণা করেছেন। একই সঙ্গে প্রকাশচিক জানিয়েছেন, তিনি রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতোই কাজ করবেন।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ভরাডুবির পরে তৃণমূলের অন্দরে ডামাডোল চলছে। পরিষদীয় দলেও ভাঙন ধরেছে। লোকসভাতেও সংসদীয় দলের অধিকাংশ সদস্যরাই ‘বিদ্রোহী’ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গিয়েছেন। একই সঙ্গে রাজ‍্যসভাতেও তৃণমূল আরও দুর্বল হতে শুরু করেছে।

গত সপ্তাহ পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের মোট ১৩ জন সাংসদ ছিলেন। সোমবার থেকে একের পর এক ইস্তফায় এ বার সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হল ১০। অন্য দিকে, লোকসভাতে ২৮ সাংসদের মধ্যে ‘মমতার অনুগত’ হিসাবে রয়ে গিয়েছেন মাত্র আট জন সাংসদ।


Share