Kidnapping

চা খেতে গিয়ে অপহৃত সুপার স্পেশালিটি হাসপাতালের ম্যানেজার, পুলিশের দ্রুত পদক্ষেপে গ্রেফতার মূল অভিযুক্ত

খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির খোঁজে তল্লাশি চালায়। পরে তপন থানার অন্তর্গত একটি এলাকা থেকে ধ্রুববাবুকে উদ্ধার করা হয়।

আটক অভিযুক্ত
অরুণিমা কর্মকার, বালুরঘাট
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে প্রকাশ্য দিবালোকে ফেসিলিটি ম্যানেজার অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি গাড়িতে এসে দুষ্কৃতীরা তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, অপহৃত কর্মীর নাম ধ্রুবরঞ্জন চৌধুরী। তিনি বালুরঘাট জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থার ফেসিলিটি ম্যানেজার। তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ হাসপাতাল সংলগ্ন একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখান থেকেই ধস্তাধস্তি করে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির খোঁজে তল্লাশি শুরু করে। পরে তপন থানার অন্তর্গত একটি এলাকা থেকে ধ্রুববাবুকে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনায় মূল অভিযুক্ত মকলেশ মিঁঞাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলার ডেপুটি পুলিশ সুপার বিক্রম প্রসাদ। অপহৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। অপহরণের কারণ জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর।


Share