Stone Pelting

দক্ষিণ দিনাজপুরে হাওড়াগামী ট্রেন লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছুড়ল দুষ্কৃতীরা, ঘটনায় বরাত জোরে প্রাণে রক্ষা যাত্রীদের

আরপিএফের এর কর্তা বলেন, “বিষয়টি জানতে পেরে রাতেই ট্রেনের কামরায় আমরা যাই। তবে কে বা কারা ইট মেরেছে, সেটা স্পষ্ট নয়। শনিবার ওই এলাকায় গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছি।”

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৪

মালদহের পরে এ বার দক্ষিণ দিনাজপুরে চলন্ত ট্রেন লক্ষ‍্য করে ইট ছুড়ল দুষ্কৃতীরা। যাত্রীরা বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন। তবে ইটের ঘায়ে ট্রেনের জানলা কয়েকটি জানালা ভেঙে গিয়েছে। শুক্রবার হাওড়াগামী বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে। ঘটনায় মমলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস রাত ৮টা ৪৫ মিনিটে বালুরঘাট স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। বালুরঘাট থেকে ট্রেন ছাড়ার পরে রামপুর বাজার স্টেশন পার করতেই ট্রেন লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছোড়ে দুষ্কৃতীরা। বালুরঘাট থেকে রামপুর বাজারে পৌঁছোতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। অর্থাৎ রাত ন'টার কিছু পরে ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

ইট লাগে ট্রেনের জেনারেল কামরার জানলায়। ঘটনায় বেশ কয়েকটি জানালা ভেঙে গিয়েছে। ট্রেনের যাত্রী বলেন, “যে ভাবে ইট ছোড়া হয়েছিল, কারও গায়ে লাগতে পারত। আমরা বরাত জোরে বেঁচেছি। ঘটনার পরে আমরা খুব আতঙ্কে ছিলাম। খবর পেয়ে রেল পুলিশ কামরায় এসেছিল।'

দক্ষিণ দিনাজপুরের রামপুর বাজার স্টেশন সংলগ্ন যে জায়গায় ইট ছোড়ার ঘটনাটি ঘটেছে, সেখানে খুব ঘন জনবসতিপূর্ণ নেই। এ দিন এই এলাকা রাতে বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল স্টেশনের আশপাশের এলাকায়। যেখানে ঘটনা ঘটেছে, সেখানকার বাসিন্দাদের আরপিএফ কর্মীরা জিজ্ঞাসাবাদ করেছেন।

আরপিএফের এর কর্তা বলেন, “বিষয়টি জানতে পেরে রাতেই ট্রেনের কামরায় আমরা যাই। তবে কে বা কারা ইট মেরেছে, সেটা স্পষ্ট নয়। শনিবার ওই এলাকায় গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছি।”

বিষয়টি নজরে আসতেই আরপিএফের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। শনিবার ওই এলাকায় তল্লাশি চালানো হয়েছে। তবে কে বা কারা ইট ছুড়েছে, এখনও পর্যন্ত তা পরিষ্কার নয়। বার বার এ ধরনের ঘটনায় আতঙ্কিত রেল যাত্রীরা।


Share