Encounter

রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ! চার দিনের তল্লাশির পর পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত দিলীপ রায়

চার দিন ধরে তল্লাশি চালানোর পর রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত দিলীপ রায়কে ধরতে অভিযান চালায় পুলিশ। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে গুলি চালান তিনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৯:৪২

রায়গঞ্জে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্তের। চার দিন ধরে তল্লাশি চালানোর পর রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত দিলীপ রায়কে ধরতে পুলিশ অভিযান চালায়। অভিযোগ, তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পাল্টা গুলি চালায় তদন্তকারী দল। পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গত ৩ নভেম্বর, মঙ্গলবার থেকে রায়গঞ্জের ওই ১২ বছরের নাবালিকা নিখোঁজ ছিল। পরিবারের দাবি, সে সেদিন বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও তার সন্ধান মেলেনি। দু’দিন পর, গত শুক্রবার কুলিকের জঙ্গল সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকার পচাগলা ও বিবস্ত্র দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে ধর্ষণ ও খুনের অভিযোগ তোলা হয়। ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে।

তদন্তকারীরা খতিয়ে দেখছিলেন, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত কি না। এটি গণধর্ষণের ঘটনা কি না, তা নিয়েও তদন্ত চলছিল। এর মধ্যেই রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে, অভিযুক্ত দিলীপ রায় রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে রয়েছেন। সেই খবরের ভিত্তিতে পুলিশ রাত ৩টের পর এলাকায় অভিযান চালায়। সূত্রের খবর, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত গুলি চালান। তাঁর ছোড়া গুলি পুলিশের গাড়ির টায়ারে লাগে বলে জানা গিয়েছে। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই দিলীপের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর, বিহার সীমান্ত দিয়ে অন্য রাজ্যে পালানোর পরিকল্পনা ছিল অভিযুক্তের। সেই খবর পেয়েই তড়িঘড়ি অভিযান চালানো হয়। নিহতের দেহ রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই ময়নাতদন্ত হওয়ার কথা।

উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে চতুর্থবার পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা সামনে এল। এর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। পুলিশের দাবি ছিল, ঘটনার পুনর্নির্মাণের সময় তিনি পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়।

এরপর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীর বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় ধৃত প্রহ্লাদ দাসের মৃত্যু হয় পুলিশের গুলিতে। সেখানেও ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করেছিলেন বলে পুলিশের দাবি। একই দিনে মুর্শিদাবাদের সমশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় ধৃত সামাউল হকেরও এনকাউন্টারে মৃত্যু হয়। এ বার রায়গঞ্জের দিলীপ রায়ের মৃত্যুর ঘটনায় সেই তালিকায় যুক্ত হল চতুর্থ নাম।


Share