Encounter

বিহারে পালানোর চেষ্টা করছিল দিলীপ! গুলি গিয়ে লাগে পুলিশের গাড়িতে, চতুর্থ এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের

পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে, পকসো মামলার অভিযুক্ত গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে রয়েছে। সেই মতো তাঁরা অভিযান চালায়।

অভিযুক্তের নাম দিলীপ রায়।
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ১১:৩৭

রায়গঞ্জের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায় পুলিশের এনকাউন্টারে নিকেশ হয়েছে। পুলিশ সূত্রের খবর, রায়গঞ্জের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত বিহারের সিমান্তে দিয়ে ভিনরাজ‍্যে পালানোর চেষ্টা করছিল। সেই সময় পুলিশের লক্ষ‍্য করে গুলি ছোড়ে। পুলিশের পাল্টা গুলিতে নিকেশ হয় দিলীপ। রাজ‍্যে চতুর্থ এনকাউন্টার নিয়ে এমনটাই দাবি করছে পুলিশ সূত্র।

গত মঙ্গলবার, ৯ নভেম্বর থেকে নিখোঁজ হয় এক নাবালিকা। গত বৃহস্পতিবার নিকটবর্তী কুলিকের জঙ্গল থেকে বিবস্ত্র অবস্থায় নাবালিকাকে উদ্ধার করা হয়ে। পরিবার জানিয়েছিল, বাড়ি থেকে ১২ বছরের ওই নাবালিকা সাইকেল নিয়ে বেরিয়েছিল। তার পর আর বাড়িতে ফেরেনি। পুলিশ যখন নাবালিকাকে উদ্ধার করে দেহে পচন ধরে গিয়েছিল। রায়গঞ্জ মেডিকেলে দেহের ময়নাতদন্তের পরে ধর্ষণ ও খুনের প্রমাণ মেলে। পকসো ধারায় এফআইআর হয়। তবে পরিবার গণধর্ষণ করে খুনের অভিযোগ করেছিল।

পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে, পকসো মামলার অভিযুক্ত গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে রয়েছে। সেই মতো তাঁরা অভিযান চালায়। পুলিশ আসছে জানতে পেরে পালানোর চেষ্টা করে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়।

ওই গ্রামের পাশেই রয়েছে বিহার সিমান্ত। রবিবার ভোর ৩টে নাগাদ দিলীপকে ধাওয়া করলে সেই দিকেই অভিমূখ নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় ৯এমএম বন্দুক দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। যদিও সেই গুলিতে পুলিশের কোনও কর্মী জখম হননি। পুলিশের গাড়ির টায়ারে এসে গুলি লাগে। আত্মরক্ষার স্বার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। সেই গুলিতেই গুলিবিদ্ধ হয় দিলীপ রায়। তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। সেখানেই দেহের ময়নাতদন্ত হবে। ঘটনাস্থলে এখনও রক্তের দাগ রয়েছে। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। 

এই নিয়ে তিনটি ধর্ষণ ও খুনের ঘটনায় তিন অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিকেশ হয়েছে। শমসেরগঞ্জে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টারে নিকেশ হয়েছে। বারুইপুর ও গাইঘাটার ঘটনায় অভিযুক্ত ধরা পড়লেও রায়গঞ্জের ঘটনা ভিন্ন। এ ক্ষেত্রে ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে গোলাগুলির লড়াই হয়।

রায়গঞ্জের ঘটনায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। সূত্রের খবর, মৃত নাবালিকার দেহের ময়নাতদন্তেও ধর্ষণের প্রমাণ মিলেছে। তাঁর দেহে একাধিক ক্ষত ছিল। ভেঙে গিয়েছিল হাড়ও। ফলে আর কেউ এর সঙ্গে জড়িত কি না, পুলিশ খতিয়ে দেখছে।


Share