Police Personnel Injured

বাইক থামিয়ে কাগজ পরীক্ষা করার সময় পুলিশ আধিকারিকের নাকে সপাটে ঘুষি, মালদহে আক্রান্ত পুলিশ, আটক দু’জন

NC: স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত দু’জনের বাড়ি পরানপুর এলাকায়। তাঁরা সম্পর্কে দাদা-ভাই। তাঁদের মধ্যে একজন অগ্নিবীর পদে কর্মরত রয়েছেন। এই ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে আক্রান্ত পুলিশ আধিকারিক পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

মালদহে আক্রান্ত পুলিশ আধিকারিক।
নিজস্ব সংবাদদাতা, ইংরেজবাজার
  • শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১২:৫৪

মাথায় হেলমেট নেই। বেপরোয়া গতিতে যাওয়ার বিরোধিতা করা আক্রান্ত হল পুলিশ আধিকারিক। বাইক দাঁড় করিয়ে লাইসেন্স পরীক্ষা করার সময় ট্রাফিকের ওসিকে সপাটে ঘুষি মারে যুবক। অভিযুক্ত যুবককে পুলিশ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। রক্তাক্ত পুলিশ আধিকারিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ‍্যায় মালদহের পুখুরিয়া থানা এলাকার লগাম্বা এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, লগাম্বা থেকে পুখুরিয়ার দিকে যাওয়ার পথে বেপরোয়া গতিতে আসা একটি বাইককে দাঁড় করানোর চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা সেখান থেকে পালিয়ে যায়। বাইকে দু’জন যুবক ছিল। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। বাইকের ছবি তোলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা।

বাইক নিয়ে আবার তাঁরা ফিরে আসেন। কেন বাইকের ছবি তোলা হয়েছে তা নিয়ে ট্রাফিক গার্ডের ওসি আজমল হোসেনের কাছ থেকে জানতে চান। লাইসেন্স দেখতে চান পুলিশ ওই পুলিশ আধিকারিক। কেন তাঁরা কাগজপত্র চাইছেন তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরই এক পর্যায়ে যুবক ট্রাফিকের ওসি আজমল হোসেনের নাকে সপাটে ঘুষি মারে। ঘটনার জেরে ওসির নাক ফেটে রক্ত বের হতে থাকে। সেখানে এক সিভিক ভলান্টিয়ারও ছিল।

অভিযুক্ত দুই যুবকের নাম মাসিদুর রহমান (২১), সফিকুল (২৫)। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত দু’জনের বাড়ি পরানপুর এলাকায়। তাঁরা সম্পর্কে দাদা-ভাই। তাঁদের মধ্যে একজন অগ্নিবীর পদে কর্মরত রয়েছেন। তাঁদের পাল্টা অভিযোগ, পুলিশকর্মীরাই তাঁদের ওপর প্রথমে চড়াও হয়।

জখম পুলিশ আধিকারিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ট্রাফিকের ওসি আজমল হোসেনের মাকে তিনটি সেলাই পড়েছে। এই ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে আক্রান্ত পুলিশ আধিকারিক পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়াও, কর্তব্যরত পুলিশ আধিকারিকের পিওএস মেশিন এবং বডিক‍্যাম ছিনতাই করে রাস্তায় ফেলে দেওয়া হয়ে বলেও আক্রান্ত পুলিশ আধিকারিক অভিযোগ করেছেন।

ঘটনায় ভারতীয় ন‍্যায় সংহতিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছে।


Share