Shoot Out Inside Police Line

পছন্দের পোস্টিং না পেয়ে সহকর্মীকে লক্ষ্য করে গুলি! দার্জিলিংয়ের পুলিশ লাইনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত এএসআই

পুলিশ লাইনের মতো সুরক্ষিত জায়গায় একজন পুলিশ কর্মী কীভাবে মেজাজ হারিয়ে নিজের সহকর্মীর ওপর গুলি চালালেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। জখম সাব-ইনস্পেক্টর বিনোদ ছেত্রীর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন চিকিৎসকরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০১:০৫

দার্জিলিংয়ের পুলিশ লাইনে চলল গুলি। জখম এক এএসআই পদমর্যাদার এক আধিকারিক। অভিযোগ, পছন্দের মতো পোস্টিং পাননি আরেক এএসআই। সেই আক্রোশেই তাঁর ওপর হামলা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের ডালি পুলিশ লাইনে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত এএসআই দার্জিলিং বা সমতলের ট্রাফিক গার্ডে পোস্টিং চেয়েছিলেন। বর্তমানে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটের আগে সমস্ত পুলিশ আধিকারিকদের বদলি করা হচ্ছে। কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত পদমর্যাদার কোনও কর্মীকে বদলি করতে পুলিশ সুপারের নির্দেশ দেন। সেই নির্দেশ কার্যকর করে রিজার্ভ অফিসার বা আরও অফিস। সেই মতো ডালি পুলিশ লাইনে আরও-২ বিনোদ ছেত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন অভিযুক্ত পুলিশ এসএসআই। কিন্তু প্রকাশিত তালিকায় নাম না  থাকায় বিনোদকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় সাব-ইনস্পেক্টর বিনোদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রতিক্ষা ঝারখারিয়া জানান, দার্জিলিং সদর থানার পুলিশ অভিযুক্তকে এএসআইকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তাঁকে ইতিমধ্যেই চাকরি থেকে সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে। শনিবার ধৃতকে দার্জিলিং জেলা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার নেপথ্যে কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ লাইনের মতো সুরক্ষিত জায়গায় একজন পুলিশ কর্মী কীভাবে মেজাজ হারিয়ে নিজের সহকর্মীর ওপর গুলি চালালেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। জখম সাব-ইনস্পেক্টর বিনোদ ছেত্রীর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন চিকিৎসকরা।


Share