BJP Worker Murdered

মালদহে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন, মৃত‍্যু নিশ্চিত করতে করা হয়েছে গুলি, তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

বিজেপি কর্মীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ আসে। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন হবে। ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছেন।

মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, ইংরেজবাজার
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১২:২২

বিজয়া দশমীর রাতে খুন বিজেপি কর্মী। মালদহের ইংরেজবাজারে ঘটনাটি ঘটেছে। মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ। কয়েক জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

বুধবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার রামকেলি গ্রামে ঘটনাটি ঘটেছে। সমীর দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বিজেপির সক্রিয় কর্মী ছিল। স্থানীয় সূত্রের খবর, সমীর ঘোষকে প্রথমে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার পরেই সমীরের মৃত্যু নিশ্চিত করতে দু’রাউন্ড গুলিও চালায় হামলাকারীরা।

কেন সমীরকে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনায় পুরোনো শত্রুতার জেরেই সমীরকে খুন করা হয়েছে বলে পরিবার দাবি করেছে। ঘটনায় স্থানীয় কয়েক জন তৃণমূল কর্মীর নামে পরিবার অভিযোগ করছে। মৃতের ভাই বিবেক ঘোষের অভিযোগ, তাঁর দাদার খুনের ঘটনায় অভিযুক্তরা এলাকায় তৃণমূল করে। তাদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। তার জেরেই পরিকল্পনা করে দশমীর দিন তাঁর দাদার ওপর হামলা চালানো হয়।

বিজেপি কর্মীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ আসে। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন হবে। ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছেন। তাঁদের চিকিৎসাও মালদহ মেডিকেল কলেজে চলছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। প্রত‍্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share