Bangladeshi Youth Arrested

পর্যটন ভিসায় ভারতে এসে সামরিক বিমানঘাঁটিতে রেকি, মেখলিগঞ্জে গ্রেফতার পাকিস্তানের গুপ্তচর বাংলাদেশি মহম্মদ সেলিম

চ‍্যাংড়াবান্দা আউট পোস্ট দিয়ে বাংলাদেশে পালাতে যাওয়ার সময় ওই যুবককে পাকড়াও করা হয়। যুবকের নাম— মহম্মদ সেলিম হোসেন। সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ধৃতের নাম মহম্মদ সেলিম হোসেন।
নিজস্ব সংবাদদাতা, মেখলিগঞ্জ
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ০৮:০১

পাকিস্তানের আইএসআইয়ের গুপ্তচর সন্দেহে মেখলিগঞ্জে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। চ‍্যাংড়াবান্দা আউট পোস্ট দিয়ে বাংলাদেশে পালাতে যাওয়ার সময় ওই যুবককে পাকড়াও করা হয়। যুবকের নাম— মহম্মদ সেলিম হোসেন। সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা সেলিমকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে।

মহম্মদ সেলিম হোসেন বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা। গত ১০ নভেম্বর সেলিম চ‍্যাংড়াবান্দা হয়ে ভারতে আসে। পর্যটক ভিসা নিয়ে সে ভারতে এসেছিল। দার্জিলিঙের বিভিন্ন পর্যটনস্থলে যায়। এমনকী, বাগডোগরা এবং হাসিমারার সামরিক বিমানঘাঁটির এলাকাগুলি রেকি করে বলে অভিযোগ। বেশ কয়েক দিন ধরেই সেলিম এই সমস্ত স্পর্শকাতর এলাকায় নজরদারি চালাচ্ছিল বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন।

জেলা পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে চ‍্যংড়াবান্দা আউটপোস্ট হয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিল। সেই সময় সেলিমকে আটক করা হয়। সেখান থেকে মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। সেলিমের গতিবিধির ওপরে কেন্দ্রীয় গোয়েন্দারা নজরদারি চালাচ্ছিলেন। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেক তথ্যের ভিত্তিতে মহম্মদ সেলিম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, সেলিমের কাছ থেকে অ‍্যানিল আসগর কালহোরো নামে একজনের ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। তাতে বাংলাদেশের পাকিস্তানের হাইকমিশনের নাম লেখা রয়েছ। এই আসগর কালহোরো কালচারাল সেখানকার সেক্রেটারি হিসেবে তাতে উল্লেখ রয়েছে। সেলিম কী কী কারণে এখানে এসেছিল, কার সাথে কথা বলত, কী ধরণের তথ্য পাচার করেছে তা জানতে চায় তদন্তকারীরা।


Share