weather Disaster

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়, ধসে বন্ধ একাধিক রাস্তা, পর্যটকদের জন্য জারি বিশেষ সতর্কতা

সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে টোল-ফ্রি নম্বর ১৮০০-২১২১-৬৫৫ এবং ০৩৫৩-২৪১৩৯৮৬-এ। পাশাপাশি উত্তরবঙ্গ ও সিকিমে অবস্থানরত পর্যটকদের সহায়তার জন্য পর্যটন দফতর একটি কন্ট্রোল রুমও খুলেছে।

বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৪:৪০

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাজুড়ে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। রাতভর বর্ষণের ফলে জাতীয় সড়কের একাধিক অংশে ধস নেমেছে, যার জেরে শিলিগুড়ি-দার্জিলিং ও শিলিগুড়ি-মিরিক রুটে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার বিভিন্ন এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় পর্যটকদের সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যটকদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করেছে প্রশাসন। সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে টোল-ফ্রি নম্বর ১৮০০-২১২১-৬৫৫ এবং ০৩৫৩-২৪১৩৯৮৬-এ। পাশাপাশি উত্তরবঙ্গ ও সিকিমে অবস্থানরত পর্যটকদের সহায়তার জন্য পর্যটন দফতর একটি কন্ট্রোল রুমও খুলেছে। প্রয়োজন ছাড়া সড়কপথে যাতায়াত এড়িয়ে চলার আবেদন জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। পাহাড় ও তার পার্শ্ববর্তী সমতল এলাকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী বর্ষণের জেরে বালাসন নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। প্রবল স্রোতে কার্শিয়াংয়ের দুধিয়া সেতু ভেসে গিয়েছে বলে খবর। এ ছাড়, খারসাং থেকে শিলিগুড়িগামী তিন লেনের সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে।

এ দিকে আগামী কয়েক দিনে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষত ২০ জুন, শনিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে প্রবেশ করায় এই টানা বর্ষণের পরিস্থিতি তৈরি হয়েছে।


Share