Rape

বারুইপুরের পর ফের মালদহে নাবালিকা ধর্ষণ, পূর্ণিয়া থেকে গ্রেফতার অভিযুক্ত শেখ রবিউল

আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ রাতেই সেখান থেকে গ্রেফতার করে অভিযুক্ত শেখ রবিউলকে (৩০)। এ দিন সকালে তাকে মালদহ জেলা আদালতে তুলে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

মালদহে নাবালিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৩:৫৭

ফের নাবালিকা ধর্ষণ। বারুইপুরের পর এ বার মালদহের ইংরেজবাজারের যদুপুর এলাকায় এক ১২ বছরের নাবালিকাকে ফুঁসলে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। নির্যাতিতা ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে।

ঘটনার পর বিহারের পূর্ণিয়ায় পালিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ রাতেই সেখান থেকে গ্রেফতার করে অভিযুক্ত শেখ রবিউলকে (৩০)। এ দিন সকালে তাকে মালদহ জেলা আদালতে তুলে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে অভিযুক্ত শেখ রবিউলের বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে সে প্রতিবেশী ওই নাবালিকাকে ফুঁসলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর মেয়েটি বাড়িতে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই গা ঢাকা দিতে বিহারের পূর্ণিয়ায় পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই বিশেষ দল গঠন করে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি বিধানের ব্যবস্থা হবে।


Share