Anti Social Activity at Malda

মালদহে তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগ, আকাশ মণ্ডলের আতঙ্কে ঘরবন্দি মহিলারা

দাবি মতো টাকা না দিলেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি। এমনই একাধিক অভিযোগে পুরাতন মালদহের সাহাপুর ও লক্ষ্মী কলোনি এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

মালদহে এই আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তোলাবাজি করা হত।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ০৬:৫৩

বন্দুক দেখিয়ে ভিডিয়ো কলের মাধ্যমে খুনের হুমকি, তোলাবাজি থেকে জমি কেনাবেচা—সব ক্ষেত্রেই নাকি চাই তাঁর অনুমতি। দাবি মতো টাকা না দিলেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি। এমনই একাধিক অভিযোগে পুরাতন মালদহের সাহাপুর ও লক্ষ্মী কলোনি এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগের তির আকাশ মণ্ডলের দিকে। স্থানীয়দের দাবি, তোলাবাজি, খুন-সহ প্রায় ৫০টি মামলায় তাঁর নাম জড়িয়েছে। এত অভিযোগ সত্ত্বেও কেন এখনও তাঁর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ করা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অভিযোগ, পুরাতন মালদহ থানার সাহাপুর এলাকায় আকাশ দীর্ঘদিন ধরেই নিজের প্রভাব খাটিয়ে চলেছেন। এলাকায় কেউ বাড়ি তৈরি করতে গেলে কিংবা জমি কেনাবেচা করতে গেলেও তাঁকে মোটা অঙ্কের টাকা দিতে হয় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করলেই শুরু হয় হুমকি ও ভয় দেখানো। কখনও সরাসরি, কখনও আবার ভিডিয়ো কল কিংবা এসএমএসের মাধ্যমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে দাবি বাসিন্দাদের। এমনকী, নিজের কাছে থাকা একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজের ছবি পাঠিয়েও আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সন্ধ্যার পর এলাকার মহিলারা বাড়ির বাইরে বের হতেও ভয় পাচ্ছেন।

এই পরিস্থিতিতে এ বার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন স্থানীয় ব্যবসায়ী কমল ঘোষ। আকাশ মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তিনি জানিয়েছেন, তাঁর কাছেও মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় ভিডিয়ো কল ও এসএমএসের মাধ্যমে বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। শুধু তিনি নন, গোটা এলাকার মানুষই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ তাঁর।

একই অভিযোগে সাহাপুর ও লক্ষ্মী কলোনির মহিলারাও সরব হয়েছেন। তাঁদের দাবি, আকাশ মণ্ডলের ভয়ে সন্ধ্যার পর কার্যত ঘরবন্দি থাকতে হচ্ছে। কখন কী বিপদ ঘটে, সেই আশঙ্কায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তাঁরা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী জুয়েল মুমু। তাঁর বক্তব্য, “আমাদের সরকার যখন শেখ শাহজাহানকে জব্দ করতে পেরেছে, সেখানে আকাশ মণ্ডল কোন ছাড়! বন্দুক দেখিয়ে মানুষকে হুমকি দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে? পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, বিজেপি চুড়ি পরে বসে নেই। পুলিশ সুপার থেকে আইজি—সকলকেই বিষয়টি জানানো হয়েছে।”

মালদহ থানার আইসিকে উদ্দেশ্য করেও কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। কার কাছ থেকে টাকা তোলা হচ্ছে এবং এই তোলাবাজির পিছনে কারা মদত দিচ্ছেন, তিনি তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। এলাকায় নজরদারি বাড়িয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। অন্যথায় পুলিশের ভূমিকা নিয়েই সাধারণ মানুষ প্রশ্ন তুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

অন্য দিকে, মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আইন অনুযায়ী আকাশ মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীর লিখিত অভিযোগ, মহিলাদের নিরাপত্তার দাবি এবং মন্ত্রীর প্রকাশ্য হুঁশিয়ারিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদহে। এখন প্রশ্ন, একাধিক অভিযোগ ওঠার পরেও কেন এখনও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যায়নি? কবে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন সাহাপুর ও লক্ষ্মী কলোনির বাসিন্দারা?


Share