Murder Case

স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে খাটের তলায় লুকিয়ে দিল স্বামী, তার পরেই পলায়ন, ইংরেজবাজারের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

সেই বিবাদের জেরেই স্বামী তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে খুন করেন। পরে দেহটি শোয়ার ঘরের খাটের তলায় লুকিয়ে রেখে পালিয়ে যান বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত অভিযুক্ত পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ইংরেজবাজার
  • শেষ আপডেট: ২৮ আগস্ট ২০২৬ ০৯:২৬

প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কাটা বল গলা। তার পরে স্ত্রীর দেহ খাটের নীচে লুকিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল স্বামী। মালদহের ইংরেজবাজারে ঘটনাটি ঘটেছে। যদিও অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছে।

মৃতার নাম শিলা বিবি (২৫)। তিনি আদতে মালদহের মানিকচকের বাসিন্দা। মোজাম্বেল মোমিনের সঙ্গে গত আট বছর আগে নিকাহ হয়েছিল। তার পরে ইংরেজবাজার থানার সাট্টারি এলাকায় বসবাস শুরু করেন। পরিবারে মৃতার দুই সন্তান রয়েছে। অভিযোগ, গতরাতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এর পরেই মোজাম্মেল ধারালো অস্ত্র নিয়ে শিলার ওপর চড়াও হয়। তার পরেই শিলার গলা কেটে খুন করা হয়। অপরাধ লুকোতে স্ত্রীর দেহ খাটের নীচে লুকিয়ে বাড়ি থেকে পালায়। শুক্রবার সকালে শিলা বিবির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন‍্য মালদহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে প্রতিবেশীরা শিলার রক্তাক্ত দেহ দেখতে পেয়ে ইংরেজবাজার থানায় খবর দেন। জানানো হয় মানিকচকে থাকা শিলার পরিবারকে। তাঁদের বক্তব্য, প্রথমে তাঁদের বলা হয় তাঁদের মেয়ে মারা গিয়েছে। কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে কিছু জানানো হয়নি। তড়িঘড়ি করে তাঁরা ইংরেজবাজার থানায় পৌঁছোন। স্বামী মোজাম্মেলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করার পরে তদন্ত শুরু হয়। রাতভোর তল্লাশির পরে মোজাম্মেলকে পুলিশ গ্রেফতার করেছে।

মোজাম্মিলের পরিবার সূত্রের দাবি, মোজাম্মেল নিজের বৌদির সঙ্গে পরকীয়ার সম্পর্ককে জড়িয়ে পড়েছিল। এই সম্পর্ককে কেন্দ্র করে তাঁর স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। এই সম্পর্কের মাঝে যাতে শিলা আর না আসতে পারে তার জন‍্যই বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই মোজাম্মেল নিখোঁজ ছিল। তার পরেই মোজাম্মেলকে ঘিরে সন্দেহের দানা বাঁধে।

ফ্যান্সি বিবি নামে শীলার এক আত্মীয়ার কথায়, “ওদের কোনও সমস্যা ছিল না। দিব্যি চলছিল সব কিছু। কিছু দিন আগে মোজাম্মিলের সঙ্গে তার বৌদির অবৈধ সম্পর্ক রয়েছে বলে জানতে পারে শীলা। ওই নিয়ে অশান্তি শুরু হয়েছিল। ওই জন্য মেয়েটাকে খুনই করে দিল বর!”


Share