Murder

স্ত্রীকে খুন করে কাটা মুন্ডু নিয়ে মন্দিরে বসে স্বামী! কখনও আবার মাথা হাতে ঘুরলেন এলাকায়, গঙ্গারামপুরে নৃশংস ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

শুধু তাই নয়, স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে কখনও মন্দিরে দু’হাত তুলে বসে থাকতে, আবার কখনও তা হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেল অভিযুক্তকে।

গঙ্গারামপুর থানা।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১১:০০

স্ত্রীকে খুন করে তাঁর মাথা কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে কখনও মন্দিরে দু’হাত তুলে বসে থাকতে, আবার কখনও তা হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেল অভিযুক্তকে। বুধবার সকালে এমনই নৃশংস ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর ঘোষপাড়া এলাকায়। মৃত মহিলার নাম সীমা ঘোষ সরকার (৩৫)। অভিযুক্ত স্বামী রিন্টু ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে গঙ্গারামপুরের বাসিন্দা রিন্টুর সঙ্গে বিয়ে হয়েছিল সীমার। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। সংসার চালাতে রাস্তার ধারে ফুটপাথে বসে কখনও ফুল, কখনও মুড়ি ও গুড় বিক্রি করতেন রিন্টু। পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় অস্থায়ী কন্ডাক্টরের কাজও করতেন তিনি। তবে প্রায় তিন বছর আগে সেই চাকরি চলে যায়। স্থানীয়দের দাবি, চাকরি হারানোর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিন্টু। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি লেগে থাকত।

কিন্তু বুধবার সকালের ঘটনা দেখে কার্যত শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এ দিন সকালে স্ত্রীর কাটা মাথা নিয়ে বাড়ির কালীমন্দিরে বসেছিলেন রিন্টু। কখনও আবার সেই মুন্ডু হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়াতেও দেখা যায় তাঁকে। এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ঘটনাস্থল থেকে সীমার দেহ ও কাটা মাথা উদ্ধার করা হয়। একটি ধারালো দাও উদ্ধার করেছে পুলিশ।

এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে তন্ত্রসাধনার যোগ রয়েছে কি না, তা নিয়েও এলাকায় চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরেই তন্ত্রসাধনায় মগ্ন ছিলেন রিন্টু। দিনের একটা বড় সময় বাড়ির কালীমন্দির ও সংলগ্ন দুর্গামন্দিরে কাটাতেন তিনি। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, দাম্পত্য কলহের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে স্ত্রীকে খুন করলেন রিন্টু, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনা ঘিরে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।


Share