Drug Smuggling

মাদক পাচার করতে যাওয়ার সময় গাজোল পুলিশের হাতে ধৃত দুই যুবক, উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা, মেশিন দিয়ে চলল গণনা

বিপুল নগদ টাকা ছাড়াও ২৬৫ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সিদ্ধার্থ মন্ডল (২৬) এবং কিশোর মন্ডল (২৭)। এক জনের বাড়ি বৈষ্ণবনগর থানার বীরনগড় গ্রামে, অপর জন কালিয়াচকের শাহাবাজপুর গ্রামের বাসিন্দা।

মেশিন দিয়ে চলছে টাকা গণনার কাজ।
নিজস্ব সংবাদদাতা, মাটিগাড়া
  • শেষ আপডেট: ০৬ আগস্ট ২০২৬ ০২:২২

আবার মালদহে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। মাদক পাচার করতে গিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, প্রায় ৪০ লক্ষ টাকার বেশি নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েক গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আদালতে হাজির করাবে পুলিশ।

জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ রাঙাভিটা এলাকায় অভিযান চালায়। সেই এলাকা থেকে দু’টি সন্দেহজনক মোটরবাইককে থামানো হয়। সেই ব‍্যাগেই ছিল টাকা ছিল। তা দেখেই কার্যত চোখ কপালে ওঠে পুলিশের। টাকার পরিমাণ এতটাই বেশি যে গণনা করতে মেশিন আনা হয়। সকাল থেকে ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতি সেই টাকা গণনার কাজ হয়। মালদহ জেলা পুলিশের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কত টাকা উদ্ধার হয়েছে তা জানানো হয়নি। তবে পুলিশ সূত্রের খবর, প্রায় ৪০ লক্ষ টাকার বেশি উদ্ধার করা হয়েছে। তাতে ৫০০, ২০০ এবং ১০০ টাকার বান্ডিল ছিল।

বিপুল নগদ টাকা ছাড়াও ২৬৫ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সিদ্ধার্থ মন্ডল (২৬) এবং কিশোর মন্ডল (২৭)। এক জনের বাড়ি বৈষ্ণবনগর থানার বীরনগড় গ্রামে, অপর জন কালিয়াচকের শাহাবাজপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, ধৃতেরা বিহারের দিক থেকে আসছিল। তাদের কাছে মাদক বিক্রির টাকাই ছিল।  যে এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে সেখান থেকে বাংলাদেশ সীমান্ত বেশি দূরে নয়। সেই বিষয়টিও পুলিশকে ভাবাচ্ছে। দু’জনকেই পুলিশ বৃহস্পতিবার আদালতে হাজির করাবে। হেফাজতের নেওয়ার আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে। কোথা থেকে ব্রাউন সুগার সংগ্রহ করেছিল, বিক্রির টাকা কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তা জানতে ধৃতদের জেরা করবে পুলিশ।

উল্লেখ্য, গত রবিবার মালদহের মঙ্গলবাড়ী এলাকা থেকে দু’কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা উদ্ধার হয়েছে। এর পাশাপাশি ২০ গ্রাম সোনা, সাতটি মোবাইল ফোন এবং একটি টাকা গোনার মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ন’হাজার বোতল কাশির সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। দক্ষিণ দিনাজপুরের পুলিশ এই মাদক পাচারের টাকা বাজেয়াপ্ত করে।


Share