Accident

তিস্তা সেতুর কাছে ভয়াবহ বাস-ট্রেলার সংঘর্ষ, ময়নাগুড়িতে মৃত ৪, আইসিইউতে একাধিক যাত্রী, আশঙ্কাজনক শিশুও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রেলারের সামনের চাকা বিকল হয়ে যাওয়ায় সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটিতে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনাগ্রস্ত বাস।
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি
  • শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৪:১৯

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির উল্লাডাবরিতে রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। তিস্তা সেতুর কাছে একটি যাত্রীবাহী বাস ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রেলারের সামনের চাকা বিকল হয়ে যাওয়ায় সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন এবং জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরের সময় আরও একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দু'জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, মোট ৩৯ জন আহতকে সেখানে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১২ জন মহিলা এবং দুই শিশু রয়েছে। একটি তিন বছরের শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় মানুষ উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের সহযোগিতাতেই দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। পরে অ্যাম্বুল্যান্স ও প্রশাসনের অন্যান্য দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।

দুর্ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে যান বিধায়ক অনন্দদেব অধিকারী। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য রাজ্য সরকারের তরফে সব ধরনের সহযোগিতা করা হবে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share