Political Crisis

বিজেপি-তৃণমূলের ‘গোপন সেটিং’-এর অভিযোগে উত্তপ্ত ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত, বিক্ষোভের জেরে ভেস্তে গেল বোর্ড গঠন

দলের একাংশের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে গোপনে বৈঠক করে বোর্ড গঠনের সমীকরণ তৈরির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বিজেপির সাধারণ কর্মী-সমর্থকরা।

বিজেপি-তৃণমূলের ‘গোপন সেটিং’-এর অভিযোগে উত্তপ্ত ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত।
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা
  • শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০৬:২৯

বিজেপি ও তৃণমূলের মধ্যে গোপন সমঝোতার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে ফালাকাটা ২ গ্রাম পঞ্চায়েত চত্বর। দলের একাংশের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে গোপনে বৈঠক করে বোর্ড গঠনের সমীকরণ তৈরির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বিজেপির সাধারণ কর্মী-সমর্থকরা। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত নতুন বোর্ড গঠনের প্রক্রিয়াই স্থগিত হয়ে যায়।

১৮ সদস্যের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা মাত্র তিন। সম্প্রতি তৃণমূলের প্রধান রবিকুমার মিঞ্জ পদত্যাগ করায় শুক্রবার নতুন বোর্ড গঠনের দিন নির্ধারিত ছিল। তবে সকালে গুঞ্জন ছড়ায়, বিজেপির ফালাকাটা ৩ নম্বর মণ্ডলের কয়েকজন নেতা তৃণমূলের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। অভিযোগ, সেই সমঝোতা অনুযায়ী বিজেপির একজনকে প্রধান এবং তৃণমূলের একজনকে উপপ্রধান করার পরিকল্পনা করা হয়েছিল। এই খবর ছড়িয়ে পড়তেই কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন। তাঁরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্ত মণ্ডল নেতাদের পঞ্চায়েত অফিসে প্রবেশেও বাধা দেন।

বিজেপি কর্মীদের একাংশের দাবি, তৃণমূলের সঙ্গে কোনও ধরনের সমঝোতা মেনে নেওয়া হবে না। তাঁদের বক্তব্য, প্রধান ও উপপ্রধান উভয় পদেই বিজেপির নির্বাচিত সদস্যদেরই মনোনয়ন দিতে হবে। অন্য দিকে, রাজনৈতিক টানাপোড়েন এবং বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের আবহে তৃণমূলের ১৫ জন সদস্যই এ দিন পঞ্চায়েত অফিসে উপস্থিত হননি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কোরাম পূর্ণ না হওয়ায় প্রধান নির্বাচন ও বোর্ড গঠনের প্রক্রিয়া স্থগিত রাখতে বাধ্য হয় প্রশাসন।

নিজেদের দলের কর্মীদের এই বিক্ষোভে অস্বস্তিতে পড়েন বিজেপির ৩ নম্বর মণ্ডলের শীর্ষ নেতৃত্ব। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির মণ্ডল সভাপতি রণজিৎ মুন্ডা বলেন, “গোপন সেটিং বা আঁতাতের কোনো অভিযোগ আমার জানা নেই। মূলত তৃণমূলের সদস্যরা এদিন অফিসে না আসাতেই বোর্ড গঠন করা সম্ভব হয়নি।”

তৃণমূল সদস্যদের এ দিনের অনুপস্থিতির কারণ কী এবং বিজেপির তোলা অভিযোগে কতটা সত্যতা রয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই অচলাবস্থা কবে কাটবে, সেদিকেই এখন নজর সকলের।


Share