Murder Case

কোচবিহারে পারিবারিক বিবাদ ঘিরে খুন, দুই ভাইয়ের বিরুদ্ধে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ অন্য ভাইকে

তিন ভাইয়ের মধ্যে বচসা থেকে হাতাহাতি, মাথায় আঘাতের জেরে মৃত্যু এক ভাইয়ের। ঘটনায় তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পরিবারের একাধিক সদস্যকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের নাম নৃপেন বাদ্যকর।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ ০৩:২৯

কালীপুজোর আগের রাতে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দেওয়ানহাট। তিন ভাইয়ের মধ্যে ঝামেলা থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হল। যার পরিণতিতে এক ভাইয়ের মৃত্যু হল। মৃতের নাম নৃপেন বাদ্যকর। ঘটনায় তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠেছে।

দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের দেওয়ানহাট হাইস্কুল সংলগ্ন এলাকায় নৃপেন থাকতেন। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে তাঁর দুই ভাই গেন্দা বাদ্যকর ও জিতেন বাদ্যকরের সঙ্গে কোনও বিষয় নিয়ে বচসা শুরু হয়। সেই বিবাদ ক্রমশ বাড়তে থাকে। একসময় তা হাতাহাতিতে পৌঁছোয়। অভিযোগ, সেই সময় দুই ভাই নৃপেনের মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে ফেলে রেখেই অভিযুক্তরা সেখান থেকে চলে যান।

পরে ঘরের মধ্যে নৃপেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে দেওয়ানহাট প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দেওয়ানহাট ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পরে কোতোয়ালি থানার পুলিশও তদন্তে নামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের একাধিক সদস্যকে আটক করেছে পুলিশ।

কী কারণে দুই ভাইয়ের সঙ্গে নৃপেনের বিবাদ হয়েছিল, তা এখনও পরিষ্কার নয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


Share