Shoot Out

মঙ্গলবার গভীর রাতে পরপর গুলির শব্দে কেঁপে উঠল কোচবিহার! বিনপট্টি সারদা নগরে আতঙ্ক, ঘটনাস্থল থেকে উদ্ধার একাধিক গুলির খোল

ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বাইরে বেরিয়ে সন্দেহজনক কাউকে দেখতে না পেয়ে আরও বাড়ে রহস্য। খবর দেওয়া হয় পুলিশকে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ০১:৪৪

মঙ্গলবার গভীর রাতে পরপর গুলির শব্দে কেঁপে উঠল কোচবিহার শহর সংলগ্ন বিনপট্টি সারদা নগর এলাকা। আচমকা একের পর এক গুলির আওয়াজ শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বাইরে বেরিয়ে সন্দেহজনক কাউকে দেখতে না পেয়ে আরও বাড়ে রহস্য। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে রাতারাতি চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পুন্ডিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছোয়। শুরু হয় তল্লাশি। ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেছে। তবে কারা, কী উদ্দেশ্যে ওই এলাকায় গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কিন্তু রাতের অন্ধকারে জনবসতিপূর্ণ এলাকায় এভাবে গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। পুরনো শত্রুতা, নাকি অন্য কোনও কারণে এই গুলিচালনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


Share