Suvendu Adhikari

মালদহে বন্যা-ভাঙন দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, বাড়ি পুনর্নির্মাণে মিলবে আর্থিক সহায়তা

মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুল মাঠে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠানে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তাও প্রদান করবেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১১:২৪

বন্যা ও গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার মালদহের মথুরাপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুল মাঠে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠানে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তাও প্রদান করবেন তিনি। মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই মথুরাপুরে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করেছে জেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বন্যা ও ভাঙনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবারগুলিকে ১ লক্ষ ৮০ হাজার টাকা করে এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবারগুলিকে ৯০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকায় রয়েছে ২ হাজার ২৫৫টি পরিবার। অন্যদিকে, আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ২২ হাজার ৩৪০টি। অর্থাৎ, মোট ২৪ হাজার ৫৯৫টি ক্ষতিগ্রস্ত পরিবার বাড়ি পুনর্নির্মাণ বা মেরামতির জন্য সরকারি সহায়তা পেতে চলেছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় দুর্গত এলাকাগুলিতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, ইতিমধ্যেই ২১টি রিলিফ ক্যাম্প, ২৫টি কমিউনিটি কিচেন এবং ৮ হাজার ১৭৭টি সেল্টার চালু রয়েছে। বন্যা ও জলমগ্নতার জেরে জেলার প্রায় ৯২ হেক্টর কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতিমধ্যেই মানিকচকের ভূতনি, রতুয়া-১-এর কাটাহা দিয়ারা এবং বৈষ্ণবনগর-সহ গঙ্গা ও ফুলহারের তীরবর্তী ভাঙনকবলিত এলাকার বহু ক্ষতিগ্রস্ত মানুষ মথুরাপুর বিএসএস হাইস্কুল মাঠে আসতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর হাত থেকে সরকারি সহায়তা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। দুর্গতদের হাতে ত্রাণ ও আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি এলাকার পরিস্থিতি নিয়েও প্রশাসনের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।


Share