CBI Arrested Railway Officer

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার পূর্ব রেলের আধিকারিক, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে হেফাজতে নিল সিবিআই, পেশ করা হবে আদালতে

ধৃতের নাম উমাশঙ্কর পান্ডে। তিনি পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএমের দফতরে পার্সোনাল বিভাগে সুপার পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার ডিআরএম অফিসে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা সেখানে যান। কয়েক জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন।

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার রেলের আধিকারিক।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ০৩:২৭

এ বার ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হলেন রেলের এক কর্তা। তাঁকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে ওই কর্তাকে হেফাজতে নেয় সিবিআই। ধৃতকে শুক্রবার বিশেষ আদালতে হাজির করানো হবে। 

ধৃতের নাম উমাশঙ্কর পান্ডে। তিনি পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএমের দফতরে পার্সোনাল বিভাগে সুপার পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার ডিআরএম অফিসে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা সেখানে যান। কয়েক জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন। নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে তদন্তে সিবিআই আধিকারিকেরা সেখানে গিয়েছিলেন। তাঁদের কাছ থেকেই এই উমাশঙ্করের নাম উঠে আসে।

এর পরে তাঁর রেলের কোয়ার্টারে আধিকারিকেরা পৌঁছোন। ঘুষ নেওয়ার মামলায় প্রায় ছ’ঘন্টা ধরে জেরা করা হয়। তাঁকে সেখান থেকে আটক করে নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, উমাশঙ্করের কোয়ার্টার সিল করে দেওয়া হয়েছে। দরজার পাশে নোটিশও সাঁটিয়ে দিয়েছে সিবিআই।

নোটিশে বলা হয়েছে, মামলার (RC 010 2026 A0010) তদন্তের কারণে, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এই কোয়ার্টারটি সিল করা হল। সিবিআইয়ের এসিবি সঙ্গে যোগাযোগ না করে বা অনুমতি না নিয়ে কোনও ভাবেই এই কোয়ার্টার খোলা যাবে না। অভিযুক্ত আধিকারিককে শুক্রবার আদালতে হাজির করানো হবে। 


Share