Bullet Train

শিলিগুড়িতে শেষ নয় বুলেট ট্রেনের যাত্রা! গুয়াহাটি পর্যন্ত করিডর বাড়ানোর প্রস্তাবে অনুমোদনের দাবি, নজরে কোচবিহার ও আলিপুরদুয়ার

তাঁর দাবি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। ফলে শিলিগুড়িতে যাত্রাপথ শেষ না করে এ বার গুয়াহাটি পর্যন্ত ছুটতে পারে বুলেট ট্রেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ০১:২৮

পশ্চিমবঙ্গে বুলেট ট্রেনের স্বপ্ন আরও বড় হওয়ার সম্ভাবনা! সবকিছু ঠিকঠাক থাকলে এ বার হাইস্পিড রেল করিডরের আওতায় আসতে পারে রাজ্যের আরও দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ার। দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রস্তাবিত বুলেট ট্রেন করিডর এবার অসমের গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। ফলে শিলিগুড়িতে যাত্রাপথ শেষ না করে এ বার গুয়াহাটি পর্যন্ত ছুটতে পারে বুলেট ট্রেন। আর সেই পথেই পশ্চিমবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারকে যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে।

রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়ে এই খবর প্রকাশ্যে আনেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর কথায়, গুয়াহাটি থেকে দিল্লি পৌঁছোতে সময় লাগবে আট ঘণ্টারও কম! উত্তর-পূর্ব ভারতের জন্য বুলেট ট্রেন করিডরের সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি।

অসমের মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দিল্লি-শিলিগুড়ি বুলেট ট্রেন করিডর শিলিগুড়িতেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত জুলাই মাসে তিনি লিখিতভাবে রেলমন্ত্রীর কাছে এই করিডর গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারণের আবেদন জানান। অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। তাঁর দাবি, প্রস্তাবের যৌক্তিকতা বিবেচনা করে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত করিডর সম্প্রসারণে সম্মতি দিয়েছেন রেলমন্ত্রী।

উল্লেখ্য, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথমে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড রেল করিডর তৈরি হওয়ার কথা। পরবর্তী পর্যায়ে বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত সম্প্রসারিত হওয়ার কথা এই প্রকল্প। এবার সেই করিডর গুয়াহাটি পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবে অনুমোদনের খবর সামনে আসায় বাংলার উত্তরাংশের দুই জেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

কারণ, বর্তমানে হাওড়া-গুয়াহাটি রুটের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার হয়ে অসমে প্রবেশ করে। হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এবং সরাইঘাট এক্সপ্রেসের মতো ট্রেনও এই রুটে চলাচল করে। সেই সূত্রেই সংশ্লিষ্ট মহলের ধারণা, প্রস্তাবিত বুলেট ট্রেন করিডরও নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ারের দিক দিয়ে অসমে প্রবেশ করতে পারে।

তবে এই রুট নিয়ে এখনও পর্যন্ত রেল মন্ত্রকের তরফে বিস্তারিত কোনও সরকারি ঘোষণা করা হয়নি। ফলে কোচবিহার ও আলিপুরদুয়ার বুলেট ট্রেন করিডরের আওতায় আসবে কি না, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত রুটের ঘোষণার জন্য।


Share