Eviction

আদালতের নির্দেশে কালিয়াচকে বুলডোজার অভিযান, জাতীয় সড়ক দখলমুক্ত করতে ভাঙা হল একের পর এক অবৈধ দোকান

সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতে এবং আদালতের নির্দেশ কার্যকর করতেই এদিন যৌথভাবে অভিযান চালায় এনএইচএআই ও জেলা প্রশাসন।

কালিয়াচকে জাতীয় সড়কে দোকান উচ্ছেদে চালানো হল বুলডোজার।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ০৮:২৩

আদালতের নির্দেশ মেনে মালদহের কালিয়াচক চৌরঙ্গীতে সোমবার জাতীয় সড়ক দখলমুক্ত করতে বড়সড় উচ্ছেদ অভিযান চালাল জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে জাতীয় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। অভিযানে একাধিক অস্থায়ী দোকান ও কাঠামো সরিয়ে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগেও এই এলাকায় দখলমুক্তির অভিযান চালানো হলেও কিছুদিনের মধ্যেই ফের ফুটপাত ও রাস্তার অংশ দখল হয়ে যায়। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতে এবং আদালতের নির্দেশ কার্যকর করতেই এদিন যৌথভাবে অভিযান চালায় এনএইচএআই ও জেলা প্রশাসন।

তবে এই উচ্ছেদ অভিযান ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে বহু পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালানোয় তাঁরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। ব্যবসায়ীদের দাবি, কালিয়াচক চৌরঙ্গী উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখানে দিন-রাত খোলা থাকা দোকানগুলির উপর বহু যাত্রী নির্ভরশীল, পাশাপাশি এই ব্যবসার সঙ্গে বহু মানুষের রুজি-রুটি জড়িয়ে রয়েছে।

অন্য দিকে প্রশাসনের দাবি, জাতীয় সড়কের নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং আদালতের নির্দেশ কার্যকর করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সংস্থার প্লাজা ম্যানেজার নিলাম কুমার জানান, ভবিষ্যতে যাতে জাতীয় সড়ক ও ফুটপাত পুনরায় দখল না হয়, সেজন্য নিয়মিত নজরদারি চালানো হবে। সোমবার মালদার কালিয়াচকের বালিয়াডাঙ্গা থেকে চৌরঙ্গী পর্যন্ত এলাকা দখলমুক্ত করা হয়েছে। পরবর্তী পর্যায়ে বালিয়াডাঙ্গা থেকে জালালপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হবে।


Share