Drug Seized

বিহারে পাচারের আগেই টিফিন বক্স থেকে মিলল কোটি টাকার ব্রাউন সুগার, গাজোলে গ্রেফতার দুই মহিলা

সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ এক কেজিরও বেশি। বাজারমূল্য প্রায় কোটি টাকা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গাজোল
  • শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪২

বাংলা থেকে বিহারে পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্রাউন সুগার উদ্ধার করল গাজোল থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ এক কেজিরও বেশি। বাজারমূল্য প্রায় কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গাজোল থানার টোল প্লাজা সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। সেখানেই সন্দেহজনক অবস্থায় দুই মহিলাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে পুলিশের। এরপর তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে দুই মহিলার কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগের ভিতরে ছিল দুটি বাচ্চাদের টিফিন বক্স। টিফিন বক্স খুলতেই বিপুল পরিমাণ ব্রাউন সুগার দেখতে পান তদন্তকারীরা। দুটি টিফিন বক্স থেকেই উদ্ধার হয় এক কেজিরও বেশি নিষিদ্ধ মাদক। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য কোটি টাকারও বেশি।

তদন্তকারীদের দাবি, কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ধৃত দুই মহিলা। পাচারের আগেই গাজোলে তাঁদের আটক করা হয়। ধৃতদের নাম খুশি খাতুন ও জৈনক খাতুন। দু’জনেরই বাড়ি মালদহের কালিয়াচক থানার নয়াগ্রাম এলাকায়।

এত বিপুল পরিমাণ ব্রাউন সুগার তাঁদের কাছে কীভাবে এল, মাদক কোথায় পাচার করার কথা ছিল, এই চক্রের পিছনে কারা রয়েছে—সহ একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের আরও সদস্যের সন্ধান চালানো হচ্ছে।


Share