Murder

কার্তিক পুজোর মেলায় বিবাদের জের! মালদহে খুন বিজেপির মণ্ডল সহ-সভাপতি, তৃণমূল সমর্থকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ

তিনি বিজেপির মণ্ডল সহ-সভাপতি হওয়ার পাশাপাশি পুজো কমিটির সম্পাদকও ছিলেন। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার অন্তর্গত ঋষিপুর পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর এলাকায়।

কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ০২:৫৩

কার্তিক পুজোর মেলাকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে মৃত্যু হল এক বিজেপি নেতার। মৃতের নাম চন্দন মণ্ডল। তিনি বিজেপির মণ্ডল সহ-সভাপতি হওয়ার পাশাপাশি পুজো কমিটির সম্পাদকও ছিলেন। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার অন্তর্গত ঋষিপুর পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর এলাকায়। শুক্রবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনায় হবিবপুর থানার পুলিশ এক অভিযুক্তকে আটক করেছে।

মৃতের পরিবারের অভিযোগ, কার্তিক পুজোকে কেন্দ্র করে আগে থেকেই চন্দনের সঙ্গে স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল সমর্থক কানাই চৌধুরীর বিবাদ চলছিল। সেই পুরনো আক্রোশ থেকেই চন্দনের উপর হামলা চালিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। যদিও পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

মৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে তিনি অভিযোগ করেন, তৃণমূলের লোকজন এলাকায় মদ ও জুয়ার আসর চালাত। চন্দন তার প্রতিবাদ করেছিলেন। গত বছরও কার্তিক পুজোকে কেন্দ্র করে তৃণমূলের লোকজন গোলমাল বাধিয়েছিল বলে দাবি মন্ত্রীর। তাঁর আরও অভিযোগ, এ বার লোডশেডিংয়ের সুযোগ নিয়ে চন্দনকে খুন করা হয়েছে। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি, শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।


Share