Arrest TMC Leader

শিশু মঙ্গল সমিতির নামে কোটি টাকার তোলাবাজির অভিযোগ! মালদহ থেকে গ্রেফতার উদয়ন গুহের ঘনিষ্ঠ বিশু ধর

গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের ঘনিষ্ঠ সহযোগী বিশু ধর। দিনহাটা থানার পুলিশের বিশেষ অভিযানে মালদহ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৮:৩২

দিনহাটা মহকুমা হাসপাতালের শিশু বিভাগের পিকু ইউনিট তৈরির নামে গঠিত 'শিশু মঙ্গল সমিতি'-র মাধ্যমে তোলাবাজি ও আর্থিক দুর্নীতির অভিযোগ। গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের ঘনিষ্ঠ সহযোগী বিশু ধর। দিনহাটা থানার পুলিশের বিশেষ অভিযানে মালদহ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত বিশু ধর একসময় দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এবং এলাকায় উদয়ন গুহের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন।

অভিযোগ, উদয়ন গুহের তত্ত্বাবধানে পরিচালিত শিশু মঙ্গল সমিতির যাবতীয় কার্যক্রমের দায়িত্ব কার্যত বিশু ধরের হাতেই ছিল। সেই প্রভাবকে কাজে লাগিয়ে তিনি নিজেকে দিনহাটার অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই হুমকি, ভাঙচুর, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ উঠেছিল।

তদন্তকারী সূত্রে খবর, বিশু ধরকে হেফাজতে নেওয়ার পর ফের উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে। এরপর দু'জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনাও রয়েছে তদন্তকারীদের। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ জানান, দিনহাটা থেকে গা-ঢাকা দিয়ে মালদহে আশ্রয় নিয়েছিলেন বিশু ধর। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে দিনহাটায় আনা হচ্ছে। শুক্রবার তাঁকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ জানিয়েছে, শিশু মঙ্গল সমিতির নামে আর্থিক দুর্নীতির অভিযোগেই বিশু ধরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার উদয়ন গুহকে আদালতে তোলার সময় এই মামলাটি সংযুক্ত করার আবেদন জানিয়েছিল পুলিশ। ওই মামলায় উদয়ন গুহের পরেই অভিযুক্ত হিসেবে বিশু ধরের নাম ছিল।

অভিযোগকারীদের দাবি, বিশু ধরের মাধ্যমেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হতো। কেউ প্রতিবাদ করলে তাঁকে হুমকির মুখে পড়তে হত বলেও অভিযোগ। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, শিশু মঙ্গল সমিতির নামে মোট কত টাকা তোলা হয়েছিল এবং এই আর্থিক অনিয়মের সঙ্গে আর কারা জড়িত ছিলেন।


Share