Arrest

বেংডুবি সেনা ছাউনিতে সন্দেহভাজন গ্রেফতার বাংলাদেশি যুবক , তদন্তে সেনা ও পুলিশ

সূত্রের খবর, ছাউনি এলাকার ভেতরে একটি রেলের বগিতে প্রবেশের চেষ্টা করছিল ওই যুবক। সেই সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই কিউআরটি জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাগডোগরা
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৩:১০

বাগডোগরার বেংডুবি সেনা ছাউনি এলাকা থেকে গ্রেফতার এক সন্দেহভাজন বাংলাদেশি যুবক। সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম (কিউআরটি) তাকে আটক করে পরে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয়।

সূত্রের খবর, ছাউনি এলাকার ভেতরে একটি রেলের বগিতে প্রবেশের চেষ্টা করছিল ওই যুবক। সেই সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই কিউআরটি জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জেরায় তার বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি নিজের নাম কৌশিক বিশ্বাস বলে দাবি করেছেন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, তিনি বাংলাদেশের বাসিন্দা হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। যদিও তার পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও কীভাবে ওই যুবক সংরক্ষিত সেনা ছাউনি এলাকায় প্রবেশ করতে সক্ষম হলেন, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তারা। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও বেংডুবি সেনা ছাউনি এলাকা থেকে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছিল। ফলে নতুন করে এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ধৃত যুবককে বুধবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।


Share