Arrest

হায়দরাবাদ যাওয়ার পথে এনজেপি স্টেশনে গ্রেফতার বাংলাদেশি মহিলা, পাঠানো হল জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে

হায়দরাবাদ যাওয়ার পথে তাঁকে পাকড়াও করে শিলিগুড়ি জিআরপির এসওজি টিম এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। ধৃত মহিলাকে শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ০৪:৩১

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশন থেকে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। হায়দরাবাদ যাওয়ার পথে তাঁকে পাকড়াও করে শিলিগুড়ি জিআরপির এসওজি টিম এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। ধৃত মহিলাকে শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ওদেরা আক্তার। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা। গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে ডাউন চেরালাপল্লি এক্সপ্রেসের জেনারেল কামরায় চেপে তিনি হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পুলিশ আধিকারিকদের কাছে আগে থেকেই তাঁর গতিবিধি ও পরিচয় সম্পর্কে তথ্য ছিল। সেই সূত্র ধরেই জিআরপি আধিকারিকেরা নজরদারি শুরু করেন।

ট্রেনটি এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছোতেই তল্লাশি অভিযান চালানো হয়। এরপর জেনারেল কামরা থেকে পুলিশকর্মীরা ওই মহিলাকে গ্রেফতার করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ১৭ নভেম্বর সিলেট-মেঘালয় সীমান্তবর্তী পথ ব্যবহার করে অবৈধভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। এরপর গুয়াহাটি থেকে ট্রেনে চেপে হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

কী কারণে ওই মহিলা ভারতে প্রবেশ করেছিলেন এবং হায়দরাবাদে যাওয়ার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। এই ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি, সীমান্ত পেরিয়ে রেলপথে তাঁর যাতায়াতের পরিকল্পনা কী ছিল, গোয়েন্দারা তা জানার চেষ্টা করছেন। এই গ্রেফতারির পর রেলপথে নিরাপত্তা ও নজরদারি নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।


Share