Recovery of Marijuana

কোচবিহারে তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের বাড়ি থেকে উদ্ধার প্রায় ৪০ কেজি গাঁজা, পলাতক অভিযুক্ত, আটক স্ত্রী

তল্লাশির সময় জামাকাপড়ের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় গাঁজার বস্তাগুলি। পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ এই মাদক বাড়িতে মজুত করে রাখা হয়েছিল।

উদ্ধার ৪০ কেজি গাঁজা
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৪:১৬

তৃণমূল ঘনিষ্ঠ এক ঠিকাদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। বুধবার দুপুরে দেবীবাড়ি এলাকার বাসিন্দা কুমার রকি নারায়ণ ওরফে বাদলের বাড়িতে কোতোয়ালি থানার পুলিশ হানা দেয়। প্রায় তিন ঘণ্টার তল্লাশির পর আনুমানিক ৩৮ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়। একাধিক বস্তা ভর্তি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।  ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রকি। আটক করা হয়েছে তাঁর স্ত্রী জুলি কুমার নারায়ণকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে রকির বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় জামাকাপড়ের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় গাঁজার বস্তাগুলি। পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ এই মাদক বাড়িতে মজুত করে রাখা হয়েছিল।

কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, মৃত অমিতাভ নারায়ণের ছেলে রকি নারায়ণের বাড়ির চত্বর থেকেই গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কোচবিহারের ডিওয়াইএসপি (ট্রাফিক) রিয়াদ সুব্বা এবং কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা। ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


Share