Civic Volunteer Death

সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ফুলবাড়ির পুলিশ ট্রেনিং ক‍্যাম্পে, সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে গেট বন্ধ করে বিক্ষোভ

মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন। বিক্ষোভকারী সিভিক ভলান্টিয়ারদের কথায়, রবিবার রাতে ১২ নম্বর ব‍্যাটেলিয়নে একটি ঘরে চিৎকার শুনে তাঁরা যান। সেখানে গিয়ে দেখেন, পঙ্কজ মারা গিয়েছেন।

উত্তপ্ত ফুলবাড়ি।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯

ট্রেনিং করতে এসে সিভিক ভলান্টিয়ারের রহস‍্যমৃত‍্যুকে কেন্দ্র করে উত্তেজনা ফুলবাড়ির পুলিশ ট্রেনিং ক‍্যাম্প। সেখানে ট্রেনিং করতে আসা সিভিক ভলান্টিয়ারেরা রাজ‍্য সরকারের বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। ১২ নম্বর ব‍্যাটেলিয়নের গেট আটকে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, মৃত সিভিক ভলান্টিয়ার মানসিক চাপে ছিলেন। তাই তাঁর মৃত‍্যু হয়েছে। তাঁদের দাবি, উত্তরবঙ্গের আইজি আসুক। একমাত্র তাঁর প্রতিশ্রুতি পেলেই বিক্ষোভ প্রত্যাহার করা হবে।

মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন। বিক্ষোভকারী সিভিক ভলান্টিয়ারদের কথায়, রবিবার রাতে ১২ নম্বর ব‍্যাটেলিয়নে একটি ঘরে চিৎকার শুনে তাঁরা যান। সেখানে গিয়ে দেখেন, পঙ্কজ মারা গিয়েছেন। তাঁদের অভিযোগ, পঙ্কজ অসুস্থ বোধ করলেও তাঁকে হাসপাতালে ভর্তি করতে যাওয়ার জন্য অ‍্যাম্বুলেন্স ছিল না। এর পরেই সকাল থেকে সেখানে বিক্ষোভ শুরু হয়। গেট আটকে বিক্ষোভ দেখান অন‍্যান‍্য থানা থেকে আসা সিভিক ভলান্টিয়ারেরা।

ট্রেনিং করতে আসা বাকি সিভিক ভলান্টিয়ারদের অভিযোগ, রাজ‍্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন বাবদ ১ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। তা দিয়ে সংসার চলবে না। তাই নিয়ে পঙ্কজ উদ্বিগ্ন ছিলেন। মানসিক চাপে ভুগছিলেন। তাই গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

এক সিভিক ভলান্টিয়ার বলেন, “৭৫০ টাকা খরচা করে আমরা এখানে ট্রেনিং করতে এসেছি। ১০ হাজার টাকা বেতন পাই। মুখ‍্যমন্ত্রী আমাদের ১ হাজার টাকা বাড়িয়েছেন। আমাদের বাড়িতে সংসার রয়েছে। ওষুধের খরচ রয়েছে। তা বহন করতে আমরা পারছি না। বাচ্চার জন্য চকলেটও নিয়ে যেতে পারি না।” তাঁর কথায়, মৃত পঙ্কজ বর্মনের বাবা-মা কেউ নেই। দাদা রয়েছে। তিনি মানসিক ভাবে ভারসাম্যহীন। তাঁর দাবি, কীভাবে অর্থের জোগান দেবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন। সেই চিন্তা থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে।


Share