Murder case

নিউ মার্কেটের দোকানে ঢুকে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, অভিযুক্ত হামলার আগে পাশের একটি দোকান থেকে ছুরি কিনেছিল। ঘটনায় নিউ মার্কেট থানার পুলিস অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৭:৪৯

খাস কলকাতা শহরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। নিউ মার্কেট থানা থেকে মাত্র ৪০০ মিটার দূরে ঘটনাটি ঘটেছে। সেখানে একটি মুদিখানার দোকান থেকে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

মৃতের নাম দীপক গুপ্ত। বুধবার সকাল ৯টা নাগাদ নিউ মার্কেট থানার সামনে অমিয় হাজরা লেনের একটি সব্জির দোকানে ঘটনাটি ঘটেছে। সেখানে দীপককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে পুলিশ তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ এক যুবককে চিহ্নিত করেছে। তাঁর নাম শশী তিওয়ারি। পুলিশ সূত্রের খবর, দোকানে ঢুকে শশী দীপককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দেহের বাকি অংশেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত শশীকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 

পুলিশের অনুমান, প্রেম ঘটিত কারণের জেরেই এই খুন করা হয়েছে। অভিযুক্ত শশী তিওয়ারি ওই একই এলাকার বাসিন্দা। শশী তিওয়ারি এলাকার এক তরুণীর প্রতি দুর্বল ছিল। দীপকের সঙ্গে ওই তরুণীর কথা বলা সে পছন্দ করত না। অভিযুক্ত আগেও বেশ কয়েক বার দীপককে মেয়েটির থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু মঙ্গলবার দীপক ওই তরুণী ও কয়েক জন বন্ধুর সঙ্গে নিক্কো পার্কের ওয়াটার পার্কে ঘুরতে যায়। এই বেড়ানোর ঘটনায় শশী ক্ষুব্ধ হয়। এর জেরেই প্রতিশোধ নিতে বুধবার সকালে পরিকল্পিত ভাবে দীপকের ওপর প্রাণঘাতী হামলা চালায়।

পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, অভিযুক্ত হামলার আগে পাশের একটি দোকান থেকে ছুরি কিনেছিল। ঘটনায় নিউ মার্কেট থানার পুলিস অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।


Share