Drowning

চেতলায় সুইমিং পুলে দুর্ঘটনা, সাঁতার কাটতে গিয়ে মৃত্যু যুবকের

সোমবার সকালে চেতলা অগ্রণী ক্লাবের সুইমিং পুলে সাঁতার কাটার সময় জলে তলিয়ে যান ঋত্বিক চক্রবর্তী (১৯)।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১০:০০

কলকাতার চেতলায় সাঁতার কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে চেতলা অগ্রণী ক্লাবের সুইমিং পুলে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম ঋত্বিক চক্রবর্তী (১৯)। তিনি কালীঘাট থানা এলাকার নেপাল ভট্টাচার্য স্ট্রিটের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ৯টা ১০ মিনিট নাগাদ ঋত্বিক ক্লাবের সুইমিং পুলে সাঁতার কাটছিলেন। সেই সময় হঠাৎই তিনি জলের তলায় তলিয়ে যেতে শুরু করেন। বিষয়টি নজরে আসতেই সেখানে উপস্থিত অন্যান্য সাঁতারু ও কর্মীরা দ্রুত তাঁকে জল থেকে উদ্ধার করেন। উদ্ধার করার পরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ঘটনাস্থলেই সিপিআর দেওয়া শুরু হয়।এরপর দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছোনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে চেতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে ওই যুবক ডুবে গেলেন।মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না।তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা ঘটনার সময় সুইমিং পুলে উপস্থিত থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি, ক্লাবের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share